রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

দারুস সালামে বাসার জানালা দিয়ে গুলি, নারীর হাতে বিদ্ধ বুলেট

রাজধানীর দারুস সালাম থানাধীন মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় বাসার জানালা দিয়ে ছোড়া গুলিতে জেসমিন বেগম (৩৮) নামে এক গৃহিণী গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে একটি টিনশেড ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গুলিতে তার ডান হাত আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে ভর্তি করেন।

আহতের ছেলে মোহাম্মদ ইয়াসিন জানান, রাত সাড়ে ৮টার দিকে তার মা জানালা খোলা রেখে বাসায় বসে টেলিভিশন দেখছিলেন। এ সময় হঠাৎ জানালা দিয়ে একটি গুলি এসে তার মায়ের হাতে লাগে। গুলির শব্দের পর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

তিনি বলেন, ‘কী কারণে আমার মাকে গুলি করা হয়েছে, তা আমরা জানি না।’

জেসমিন বেগমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার উত্তর দাললা গ্রামে। তিনি আব্দুল মান্নানের স্ত্রী। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে দারুস সালামের মসজিদ গলি এলাকায় একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দারুস সালামের মাতবরবাড়ি মসজিদ গলি এলাকা থেকে এক নারী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ডান হাতে গুলিবিদ্ধ হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এ ঘটনায় গুলি ছোড়ার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন