অনুসরণ করুন:
রবিবার, ২৬ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আন্দোলন স্থগিত, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের ঘোষণা

ভারতে জাতীয় পর্যায়ের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থী আন্দোলনের অবসান ঘটতে যাচ্ছে। আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি পূরণ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর সরকার ও আন্দোলনের নেতৃত্ব যৌথভাবে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে। 

শনিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও জে পি নাড্ডা এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র সৌরভ দাস ও অশুতোষ রাঙ্কার উপস্থিতিতে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। কয়েক দফা আলোচনার পর উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায় বলে জানানো হয়। 

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর (FIR) ও মামলার কার্যক্রম প্রত্যাহার করা হবে এবং এসব ঘটনায় ভবিষ্যতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। এ ছাড়া ইতোমধ্যে দায়ের করা মামলার নথিপত্র আন্দোলনের প্রতিনিধিদের কাছে হস্তান্তরেরও ঘোষণা দেওয়া হয়েছে। 

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আন্দোলনকারীদের আরও দুটি গুরুত্বপূর্ণ দাবি ছিল—প্রশ্নফাঁস-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচলিত আইন ও নীতিমালার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বোচ্চ সম্ভাব্য ক্ষতিপূরণ দেওয়া হবে। 

একই সঙ্গে সিজেপি শিক্ষা ব্যবস্থার সংস্কারসংক্রান্ত পাঁচ দফা প্রস্তাব সরকারের কাছে জমা দিয়েছে। সরকার জানিয়েছে, এসব সুপারিশ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় সংস্কার নিয়ে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। 

প্রশ্নফাঁসের অভিযোগ থেকে শুরু হওয়া এ আন্দোলন ধীরে ধীরে ভারতের তরুণ সমাজের শিক্ষা ব্যবস্থা, নিয়োগ প্রক্রিয়া এবং সরকারি জবাবদিহিতা নিয়ে বৃহত্তর অসন্তোষের প্রতীক হয়ে ওঠে। রাজধানী দিল্লিসহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের জন্য সাম্প্রতিক সময়ের অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়। 

আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে সিজেপি নেতৃত্ব দেশজুড়ে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। তবে তারা স্পষ্ট করেছে, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং সরকার ঘোষিত প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। 


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন