অনুসরণ করুন:
রবিবার, ২৬ জুলাই ২০২৬

শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যের সাহসিকতায় ছিনতাইকারী আটক, উদ্ধার হলো যাত্রীর স্মার্টফোন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত এক আনসার সদস্যের তৎপরতা ও সাহসিকতায় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে বিদেশগামী এক যাত্রীর ছিনতাই হওয়া স্মার্টফোন উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে বিমানবন্দরের অভ্যন্তরীণ ড্রাইভওয়ের ৫ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, এক বিদেশগামী যাত্রীর পাঞ্জাবির পকেট থেকে কৌশলে একটি স্মার্টফোন নিয়ে পালানোর চেষ্টা করে এক ব্যক্তি। বিষয়টি টের পেয়ে যাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন তাকে আটকের চেষ্টা করেন। তবে অভিযুক্ত ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় ৫ নম্বর গেটে দায়িত্বরত আনসার সদস্য এপিসি মো. নূর ইসলাম ঘটনাটি দেখে তাৎক্ষণিকভাবে ধাওয়া করেন এবং ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন। আটক ব্যক্তির নাম হৃদয় (২৮)।

পরে অন্যান্য আনসার সদস্যদের সহযোগিতায় তাকে বিমানবন্দরে অবস্থিত ম্যাজিস্ট্রেট কোর্টে সোপর্দ করা হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার হওয়া স্মার্টফোনটি ভুক্তভোগী যাত্রীর কাছে ফেরত দেওয়া হয়। একই সঙ্গে আটক হৃদয়কে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়।

এই ঘটনাকে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের পেশাদারিত্ব, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং দায়িত্বশীলতার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। আনসার সদস্য এপিসি মো. নূর ইসলামের সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপের ফলে ভুক্তভোগী যাত্রী তার হারানো মোবাইল ফোন ফিরে পান। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কার্যকর তৎপরতা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার প্রতি যাত্রীদের আস্থা আরও সুদৃঢ় করবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন