অনুসরণ করুন:
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে তরুণ চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢাকা, ২৩ জুলাই ২০২৬: দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দক্ষতার পাশাপাশি মানবিকতা, নৈতিকতা ও দেশপ্রেমকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন প্রজন্মের চিকিৎসকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, চিকিৎসাবিজ্ঞানের মতো কঠিন বিষয়ে অধ্যয়ন করেও যারা সংস্কৃতি চর্চা অব্যাহত রেখেছে, তারা ভবিষ্যতে আরও সমৃদ্ধ ব্যক্তিত্ব হিসেবে গড়ে উঠবে। পরে তিনি নির্বাচিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন।

তিনি বলেন, একজন চিকিৎসকের সাফল্য কেবল পেশাগত দক্ষতার মধ্যে সীমাবদ্ধ নয়; রোগীর প্রতি সহমর্মিতা, দায়িত্ববোধ এবং মানবিক আচরণই একজন চিকিৎসককে প্রকৃত অর্থে সফল করে তোলে। বিদেশে উচ্চশিক্ষা বা বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণের পর দেশের মানুষের সেবায় ফিরে আসার জন্যও তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

দেশের স্বাস্থ্যব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনও প্রয়োজনের তুলনায় কম। এর ফলে একজন চিকিৎসককে বিপুলসংখ্যক রোগীর সেবা দিতে হচ্ছে। শহরাঞ্চলে চিকিৎসক বেশি থাকলেও দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করায় সেখানে চিকিৎসাসেবার ঘাটতি আরও প্রকট। একই সঙ্গে প্রয়োজনীয় সংখ্যক নার্সের অভাবও স্বাস্থ্যসেবাকে প্রভাবিত করছে।

তিনি আরও বলেন, চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার। এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যেখানে অর্থ বা অবস্থানের কারণে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না এবং প্রতিরোধযোগ্য কারণে কোনো মা বা নবজাতকের মৃত্যু ঘটবে না।

ডা. জুবাইদা রহমান নতুন প্রজন্মের চিকিৎসকদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবন থেকেই দেশসেবার মানসিকতা গড়ে তুলতে হবে। দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে কাজ করলে দেশের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন