অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র এবং রাজস্ব আদায়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ের বিভিন্ন দপ্তরে জনগণ তাদের প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য বিধি অনুযায়ী, বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি, বিনা অনুমতিতে অফিস ত্যাগ এবং বিলম্বে অফিসে উপস্থিতি অফিস শৃঙ্খলার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ।
দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং অর্থবছরের শেষ তিনটি কর্মদিবসে ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখা ও রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনস্থ সকল কাস্টমস হাউস, কর কমিশনারেট এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সকল কমিশনারকে তাদের নিয়ন্ত্রণাধীন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদান করার নির্দেশনা প্রদান করা হলো।
অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে কোনো কর্মকর্তা বা কর্মচারী স্ব-স্ব দপ্তর প্রধানের অনুমতি গ্রহণ সাপেক্ষে এবং সংশ্লিষ্ট দপ্তরে রক্ষিত ‘অফিস ত্যাগ রেজিস্টারে’ এন্ট্রি করে অফিস ত্যাগ করবেন। জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন দপ্তর বা সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তা বা কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ অথবা বিলম্বে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

