সংসদীয় রাজনীতিতে জাতীয় সংসদকে সবকিছুর কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে যাওয়ার উদ্দেশ্য ইতিহাসচর্চা বা আনুষ্ঠানিকতা নয়, বরং দেশের দুঃখী মানুষের কথা তুলে ধরা।
শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এ সমাবেশে শফিকুর রহমান বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বিরোধী দল সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাবে এবং ন্যায্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে।

মে দিবসের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, শিকাগোর ঘটনার ১৪০ বছর পার হলেও শ্রমিকদের ন্যায্য অধিকার এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। প্রতিবছর মে দিবসে শ্রমিকদের নিয়ে অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার সামান্য অংশও পূরণ হয়নি। বছরের বাকি সময় শ্রমিকদের দাবি উপেক্ষিত থাকে বলেও মন্তব্য করেন তিনি।
বামপন্থী সংগঠনগুলোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, বিভিন্ন সময়ে শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে কিছু নেতা নিজেদের স্বার্থ হাসিল করেন, অথচ সাধারণ শ্রমিকদের ভাগ্যের তেমন পরিবর্তন ঘটে না। তিনি বলেন, ‘শ্রেণি-সংগ্রামের নামে বিভাজন নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করে জামায়াত।’
প্রবাসী শ্রমিকদের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে না। বিদেশে বাংলাদেশি মিশনগুলো তাদের সমস্যার যথাযথ সমাধান দিতে ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। প্রবাসীদের সেবা নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রচলিত শ্রমনীতি শ্রমিকদের প্রকৃত মুক্তি দিতে পারেনি। মহানবী (সা.) প্রদত্ত ন্যায়ভিত্তিক শ্রমনীতি বাস্তবায়ন করা গেলে শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত হতো বলে তিনি মন্তব্য করেন।
এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, দেশে গণতন্ত্র ও ভোটাধিকারের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। তিনি অভিযোগ করেন, সরকার একক আধিপত্যে দেশ পরিচালনার চেষ্টা করছে এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশে জামায়াতের নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান।

