মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান: আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন ও সংবর্ধনা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে উৎসবমুখর পরিবেশে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক এবং আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেলকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এবং অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, এনডিসি, পিএসসি নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল্লাহ রাসেলকে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মো. সাইফুল্লাহ রাসেলের দীর্ঘদিনের নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা, পেশাদারিত্ব ও সময়োপযোগী নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, যথাযথ যোগ্যতা, সক্ষমতা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁর এই পদোন্নতি বাহিনীর জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন।

মহাপরিচালক আশা প্রকাশ করেন, অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমে আধুনিকায়ন ও উৎকর্ষতা অর্জনে মো. সাইফুল্লাহ রাসেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর নেতৃত্বে প্রশিক্ষণের গুণগত মান আরও সমৃদ্ধ হবে এবং ভবিষ্যতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি আরও সুসংগঠিত, দক্ষ ও পেশাদার প্যারামিলিটারি ফোর্স হিসেবে প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ১৮তম বিসিএসের এই কর্মকর্তা তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, পেশাদারিত্ব ও নেতৃত্বগুণকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে আরও কার্যকরভাবে কাজে লাগাবেন। একই সঙ্গে অধীনস্থ কর্মকর্তা ও সদস্যদের সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দিয়ে বাহিনীর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

অনুষ্ঠানে বাহিনীর সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত কর্মকর্তা, বিভিন্ন জোনের অধিনায়ক এবং জেলা কমান্ড্যান্টগণ উপস্থিত ছিলেন।

র‍্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনার এই আয়োজন মো. সাইফুল্লাহ রাসেলের গৌরবময় কর্মজীবনের এক অনন্য স্বীকৃতি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে তাঁর নতুন দায়িত্ব পালনের পথচলার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন