মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কানের দুল ছিনিয়ে পালানোর সময় গণপিটুনি, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে এক নারীর কানের দুল ছিনিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৩ বছর।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী থানাধীন প্রধান সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, এক নারীর কানের দুল ছিনিয়ে নিয়ে ওই যুবক পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে তিনি গণপিটুনির শিকার হন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালে আহত যুবককে নিয়ে আসা মো. সবুজ মিয়া জানান, বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী এলাকার একটি সড়কে এক নারীর কানের দুল ছিনিয়ে পালানোর সময় জনতা ওই যুবককে ধরে ফেলে। পরে গণপিটুনিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং তার পরিচয় শনাক্তসহ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন