সোমবার, ২৪ আগস্ট ২০২৬

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে চলতি দায়িত্বে থাকা মাইনুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি কামরুল আহসান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একই দিনের আদেশের ভিত্তিতে ওই পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদটি জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড-২-এর অন্তর্ভুক্ত।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র জমা দিতে হবে।

জনস্বার্থে জারি করা পদোন্নতির এ আদেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন