সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আগস্টের ২২ দিনেই রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার

চলতি আগস্টের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলারের বিনিময়মূল্য ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৪২০ কোটি টাকা।

রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ রেমিট্যান্স-সংক্রান্ত তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালের আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১৭১ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৪৩ কোটি ৭০ লাখ ডলার বা প্রায় ২৫ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, আগস্টের ২০ ও ২২ তারিখ—এই দুই দিনেই দেশে এসেছে ১১ কোটি ৭০ লাখ ডলার বা ১১৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স।

বেসরকারি ব্যাংক দিয়ে এসেছে সবচেয়ে বেশি

ব্যাংকের ধরন অনুযায়ী রেমিট্যান্স প্রবাহের হিসাবে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে। আগস্টের প্রথম ২২ দিনে এসব ব্যাংকের মাধ্যমে দেশে এসেছে ১৫১ কোটি ৭৪ লাখ ডলার।

একই সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৭৮ লাখ ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২৬ কোটি ৭৬ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৪৪ লাখ ডলার।

৮ ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স

আগস্টের প্রথম ২২ দিনে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স দেশে আসেনি বলে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা গেছে।

এগুলোর মধ্যে রাষ্ট্রায়ত্ত খাতের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল) এবং বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রয়েছে।

বেসরকারি ব্যাংকের মধ্যে আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসির মাধ্যমে এ সময়ে কোনো প্রবাসী আয় আসেনি।

এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর মধ্যে ব্যাংক আলফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে আগস্টের প্রথম ২২ দিনে কোনো রেমিট্যান্স আসেনি।

আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় এক-চতুর্থাংশ বেশি রেমিট্যান্স আসায় চলতি মাসেও প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহ অব্যাহত থাকার চিত্র পাওয়া যাচ্ছে। মাসের বাকি দিনগুলোতে এ ধারা বজায় থাকলে আগস্টের মোট রেমিট্যান্সের পরিমাণ আরও উল্লেখযোগ্যভাবে বাড়বে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন