মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, ঝরে পড়া রোধ, মেয়েদের উপবৃত্তি এবং বিদ্যালয় পর্যায়ে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে কার্যকর সহায়তা কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় মেয়েদের জন্য চালু করা সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রভাব ও সাফল্য পর্যালোচনা করা হয়। আলোচনায় উঠে আসে, এ কর্মসূচি মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে, শিক্ষাজীবন অব্যাহত রাখতে এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করতে ইতিবাচক ভূমিকা রেখেছিল।

এ প্রেক্ষাপটে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি কর্মসূচি পুনরায় চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন কাঠামো এবং কর্মসূচিটির সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব তৈরির নির্দেশও দেওয়া হয়।

বৈঠকে ছেলেদের শিক্ষার প্রতি আরও উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি প্রদানের বিষয়েও আলোচনা হয়।

শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে শিক্ষার মানোন্নয়নের সঙ্গে সমান গুরুত্ব দিয়ে বিবেচনার কথা বলেন প্রধানমন্ত্রী। বিদ্যালয় পর্যায়ে পরিচালিত মিড-ডে মিল কর্মসূচিতে সরবরাহ করা খাবারের পুষ্টিমান, নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

খাদ্যের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে কার্যকর তদারকি ব্যবস্থা থাকতে হবে।

মিড-ডে মিল কার্যক্রমের দুটি বিকল্প পদ্ধতির কার্যকারিতা, বাস্তবায়নযোগ্যতা এবং সম্ভাব্য ফলাফল যাচাই করতে পৃথক দুটি জেলায় পাইলট প্রকল্প চালুর নির্দেশও দেন প্রধানমন্ত্রী।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন