সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রাজশাহীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মামুন অর রশিদ

রাজশাহী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মামুন অর রশিদ। বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাজশাহী জেলা পুলিশ এ তথ্য জানিয়েছে।

দায়িত্ব হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ টি এম মাইনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

২৮তম বিসিএসের কর্মকর্তা মামুন অর রশিদ

রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে, নতুন পুলিশ সুপার মো. মামুন অর রশিদ এর আগে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন।

তিনি ২৮তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে নিয়োগ পান এবং ২০১১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের পর এবার রাজশাহী জেলার পুলিশ সুপারের দায়িত্ব পেলেন তিনি।

দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রাজশাহী জেলা পুলিশের প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেন মামুন অর রশিদ।

সিআইডিতে যাচ্ছেন নাঈমুল হাছান

অন্যদিকে, বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পুলিশ সুপার হিসেবে যোগ দিতে রাজশাহী ছেড়েছেন।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, নাঈমুল হাছান ২০২৫ সালের ২৯ নভেম্বর রাজশাহীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। প্রায় নয় মাস তিনি জেলায় দায়িত্ব পালন করেন।

তার দায়িত্বকালে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে বিভিন্ন অভিযান পরিচালিত হয়েছে। জেলা পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সময়ে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামিদের গ্রেফতার এবং হারানো মোবাইল ফোন উদ্ধারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

রোববার নতুন পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তরের পর সিআইডিতে নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন মোহাম্মদ নাঈমুল হাছান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন