সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আনসার ব্যাটালিয়ন সদস্যের সাহসিকতায় মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে সাড়ে ৪ লাখ টাকার তামার তার উদ্ধার

কক্সবাজারের মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরি করে নিয়ে যাওয়ার সময় শনিবার আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি তামার বৈদ্যুতিক তার উদ্ধার করেছেন কক্সবাজার আনসার ব্যাটালিয়ন (১ বিএন)-এর দায়িত্বপ্রাপ্ত সদস্য সিপাহি মো. সোহাগ হোসেন।

গত শনিবার (২২ আগষ্ট) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে তাপবিদ্যুৎ কেন্দ্রের মেইন গেটে দায়িত্ব পালনকালে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন সিপাহি মো. সোহাগ হোসেন। তাদের কাছে বৈদ্যুতিক তার দেখতে পেয়ে তিনি তাদের গতিরোধের চেষ্টা করেন।

এ সময় সন্দেহভাজন ব্যক্তিরা তাকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বৈদ্যুতিক মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও সিপাহি সোহাগ সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির সঙ্গে তাদের প্রতিরোধের চেষ্টা চালিয়ে যান।

তার দৃঢ় অবস্থানের কারণে সন্দেহভাজন ব্যক্তিরা শেষ পর্যন্ত ঘটনাস্থলে বৈদ্যুতিক মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আনুমানিক ২৫০ কেজি তামার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।

দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন সদস্যের সতর্কতা ও তাৎক্ষণিক পদক্ষেপের ফলে তাপবিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক মালামাল চুরি হওয়া থেকে রক্ষা পায়।

চুরি, নাশকতাসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে সিপাহি মো. সোহাগ হোসেনের সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠা গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় আনসার ব্যাটালিয়নের পেশাদারিত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন