অনুসরণ করুন:
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে ট্রেন চলাচল বন্ধ

জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চলন্ত অবস্থায় রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেসের একটি কয়েল স্প্রিং ভেঙে গেছে। এতে ট্রেনটি মাঝপথে বিকল হয়ে পড়ায় পার্বতীপুর-সান্তাহার রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে পুরানাপুল রেলগেট এলাকা অতিক্রম করার পর এ ঘটনা ঘটে। ট্রেনটি রেললাইনের ওপর আটকে থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার পর সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দ হয়। এ সময় ট্রেনটির একটি কয়েল স্প্রিং ভেঙে গেলে চালক তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেন।

ট্রেনটির পরিচালক (গার্ড) ছানোয়ার হোসেন বলেন, চলন্ত অবস্থায় স্প্রিং ভেঙে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। তবে দ্রুত ট্রেনটি থামানো সম্ভব হওয়ায় যাত্রীরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

এদিকে ট্রেনটি রেললাইনের ওপর বিকল হয়ে পড়ায় ওই রুটে অন্যান্য ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে।

জয়পুরহাট স্টেশন মাস্টার রফিক চৌধুরী বলেন, ‘রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটির স্প্রিং ভেঙে গেছে। মেরামতের জন্য ওয়েম্যানদের পাঠানো হয়েছে। তারা দ্রুত কাজ করছেন।’

তিনি আরও জানান, ঘটনার পর থেকে পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন