ঢাকা, ১৮ আগস্ট:
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনায় করা মামলার আসামি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি ইন্টারপোলের কাছে পাঠানো হয়েছে বলে সোমবার রাতে জানা যায়।
চিফ প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, শাপলা চত্বরের ঘটনায় করা মামলায় পলাতক কোনো আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার এটিই প্রথম উদ্যোগ।
প্রসিকিউশনের কাছে থাকা তথ্য অনুযায়ী, জেনারেল (অব.) আজিজ আহমেদ বর্তমানে মধ্যপ্রাচ্য অথবা অন্য কোনো দেশে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। তাকে শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতেই আন্তর্জাতিক পুলিশি সহযোগিতা চাওয়া হয়েছে।
মামলার অন্য যেসব আসামি দেশের বাইরে পলাতক রয়েছেন, তাদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে একই ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।
ইন্টারপোলকে পাঠানো চিঠিতে সংস্থাটির সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করে আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে প্রক্রিয়ার অগ্রগতি এবং অতিরিক্ত কোনো তথ্য বা সহযোগিতার প্রয়োজন হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে জানাতে বলা হয়েছে।
চিঠির অনুলিপি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শকের কাছেও পাঠানো হয়েছে।
এর আগে গত ২৭ জুলাই শাপলা চত্বরের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং অন্য মামলায় গ্রেপ্তার থাকা আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
মামলার আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শেখ ফজলুল করিম সেলিম, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, মাহবুবউল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আব্দুল লতিফ সিদ্দিকী, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ ও ইমরান এইচ সরকারসহ আরও অনেকে রয়েছেন।
তবে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করলেই তা স্বয়ংক্রিয়ভাবে জারি হয় না। সংশ্লিষ্ট আবেদন ও তথ্য ইন্টারপোলের বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা পর্যালোচনার পর সংস্থাটি এ বিষয়ে সিদ্ধান্ত নেয়।

