অনুসরণ করুন:
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

নদী ও খালপাড় রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশ

নদী ও খালপাড়ের ভাঙন রোধে পরিবেশবান্ধব ও টেকসই সমাধান হিসেবে বিন্না ঘাস ব্যবহারের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য (প্রো-ভিসি) ও পুরকৌশল বিভাগের শিক্ষক ড. মুহাম্মদ শরিফুল ইসলাম এ বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন।

উপস্থাপনায় বলা হয়, নদী ও খালপাড়ের ভাঙন প্রতিরোধ, উপকূলীয় বাঁধ সংরক্ষণ, চরাঞ্চল ও হাওর এলাকার সড়ক, পাশাপাশি সড়ক ও রেলপথের ঢাল সুরক্ষায় প্রচলিত কংক্রিট বা জিও ব্লকের বিকল্প হিসেবে বিন্না ঘাস একটি কার্যকর, পরিবেশবান্ধব ও দীর্ঘস্থায়ী সমাধান হতে পারে।

এতে আরও জানানো হয়, দেশের কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে বিন্না ঘাস ব্যবহার করে ইতিবাচক ফল পাওয়া গেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে বৃহত্তর পরিসরে প্রকল্প আকারে উদ্যোগ বাস্তবায়নের সম্ভাবনাও সভায় আলোচিত হয়।

সভায় প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব ও উদ্ভাবনী প্রযুক্তিনির্ভর উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন