শনিবার, ১ আগস্ট ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে মিথেন গ্যাস বিস্ফোরণ: নিহত অন্তত ৩২, নিখোঁজ ২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার কাছে সোরাঞ্জ (Sorange) কয়লাখনি এলাকায় মিথেন গ্যাসের বিস্ফোরণে অন্তত ৩২ জন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং আরও দুই শ্রমিকের সন্ধানে তল্লাশি চলছে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কোয়েটা থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত একটি বেসরকারি কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর খনির ভেতরে আগুন ছড়িয়ে পড়ে এবং খনির একটি অংশ ধসে যায়। এর প্রভাব পাশের আরেকটি খনিতেও পড়ে।

প্রাথমিক তথ্যে জানা যায়, দুর্ঘটনার সময় দুটি খনিতে মোট ৩৪ জন শ্রমিক কর্মরত ছিলেন। উদ্ধারকারীরা রাতভর অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করেছেন। বিস্ফোরণস্থল খনির ভেতরে এখনও দুই শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকারীরা জানান, খনির প্রায় ৪ হাজার ফুট গভীরে বিস্ফোরণ হওয়ায় উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে পড়ে। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন, খনির বিভিন্ন অংশ ধসে পড়া এবং বিপজ্জনক মাত্রার মিথেন গ্যাসের উপস্থিতি উদ্ধারকাজে বড় বাধা সৃষ্টি করছে। নিরাপদ বিকল্প পথ তৈরি করে উদ্ধারকারী দল ভেতরে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে বেলুচিস্তান প্রাদেশিক সরকার নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারের জন্য ৫ লাখ পাকিস্তানি রুপি এবং আহত শ্রমিকদের জন্য ৩ লাখ রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের কথাও জানানো হয়েছে।

পাকিস্তানের খনি খাতে নিরাপত্তাজনিত দুর্ঘটনা নতুন নয়। চলতি বছরের জুন মাসে বেলুচিস্তানের খানোজাই এলাকায় খনিতে ব্যবহৃত বিস্ফোরক দুর্ঘটনাবশত বিস্ফোরিত হয়ে তিনজন আহত হন। এর আগে এপ্রিল মাসে বোলান অঞ্চলের একটি কয়লাখনির দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছিলেন।

সাম্প্রতিক এ দুর্ঘটনার পর দেশটির কয়লাখনিগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও শ্রমিক সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন