অনুসরণ করুন:
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

এমএফএসে ব্যাংক কার্ড থেকে ‘অ্যাড মানি’ নির্দেশনা বাস্তবায়নের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক

ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ব্যাংক কার্ড থেকে অর্থ যোগ বা ‘অ্যাড মানি’ সুবিধা পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত নিয়ন্ত্রক নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) থেকে জারি করা পিএসডি-১ সার্কুলার লেটার নং-০৩/২০২৬-এর মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, গত ১৯ মে জারি করা সার্কুলারের ক্রমিক নম্বর ২ ও ৩-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা সংশোধন করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বর্ধিত সময়সীমার মধ্যেও যেসব এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠান এবং তফসিলি ব্যাংক নির্ধারিত শর্ত পূরণ করতে পারবে না, তাদের ক্ষেত্রে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ব্যাংক কার্ডের মাধ্যমে এমএফএস অ্যাকাউন্টে ‘অ্যাড মানি’ সেবা সাময়িকভাবে স্থগিত করা হবে।

বাংলাদেশ ব্যাংকের ভাষ্য অনুযায়ী, এ নির্দেশনা পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮ ধারার ক্ষমতাবলে জারি করা হয়েছে।

সার্কুলারে আরও স্পষ্ট করা হয়েছে, সময়সীমা বৃদ্ধির সুবিধা শুধুমাত্র সংশোধিত দুটি নির্দেশনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। গত ১৯ মে জারি করা মূল সার্কুলারের অন্যান্য সব নির্দেশনা আগের মতোই কার্যকর থাকবে এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সেগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, অতিরিক্ত সময় পাওয়ায় ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলো প্রযুক্তিগত ও নীতিগত প্রস্তুতি সম্পন্ন করার সুযোগ পাবে। এর ফলে গ্রাহকদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল ডিজিটাল লেনদেন ব্যবস্থা নিশ্চিত করা আরও সহজ হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন