অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ব্রুনাইয়ে আরও জনশক্তি রপ্তানির আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগে ব্রুনাইয়ের সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং আকাশপথে যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজী হারিস বিন ওসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সরাসরি যোগাযোগ বৃদ্ধি প্রয়োজন। এ লক্ষ্যে নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং বাংলাদেশ-ব্রুনাই চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি ব্রুনাইয়ের বাজারে বাংলাদেশের ওষুধ, পাটজাত পণ্য, কৃষিপণ্য এবং আমের রপ্তানি বাড়াতে অধিকতর বাজারসুবিধা দেওয়ার আহ্বান জানান।

জবাবে ব্রুনাইয়ের হাইকমিশনার বাংলাদেশের বিভিন্ন প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণে ব্রুনাইয়ের আগ্রহ ও প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

আলোচনায় বাংলাদেশ ও ব্রুনাইয়ের ব্যবসায়ী সংগঠন, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের সমন্বয়ে একটি যৌথ ব্যবসায়িক গ্রুপ গঠনের বিষয়ে উভয় পক্ষ নীতিগতভাবে একমত হয়। সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন