অনুসরণ করুন:
বুধবার, ২৯ জুলাই ২০২৬

শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর, আধুনিক ও ফলপ্রসূ করতে নীতিনির্ধারণ থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে এবং গুণগত উন্নয়নের লক্ষ্যে চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, অধীনস্থ দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, জাতীয় শিক্ষা নীতির বাস্তবায়ন এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। প্রধানমন্ত্রী উপস্থাপিত বিষয়গুলো পর্যালোচনা করে বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম আরও গতিশীল করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বৈঠকে শিক্ষার গুণগত মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানের মান বৃদ্ধি, শিক্ষকদের ধারাবাহিক ও যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং শিক্ষা প্রশাসনে জবাবদিহিতা ও দক্ষতা বাড়ানোর বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভায় মাঠপর্যায়ে কর্মরত অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তারা দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষাব্যবস্থার বাস্তব চিত্র, বিদ্যমান সীমাবদ্ধতা এবং সম্ভাবনা তুলে ধরেন। তারা শিক্ষার মান উন্নয়নে বাস্তবভিত্তিক বিভিন্ন সুপারিশও উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী তাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনেন এবং বলেন, মাঠপর্যায়ে অর্জিত অভিজ্ঞতা ও বাস্তব তথ্য নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই শিক্ষা-সংক্রান্ত পরিকল্পনা ও বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত ও অভিজ্ঞতাকে যথাযথ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, একটি দক্ষ, মানবিক ও প্রতিযোগিতামূলক জাতি গঠনের ভিত্তি হলো উন্নত শিক্ষাব্যবস্থা। সে লক্ষ্য অর্জনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, শিক্ষা প্রশাসন, শিক্ষক সমাজ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন