অনুসরণ করুন:
বুধবার, ২৯ জুলাই ২০২৬

বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক, কৌশলগত অংশীদারিত্ব জোরদারে গুরুত্ব

বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় সংসদে বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণ, সংসদীয় কূটনীতি জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন মৈত্রী গ্রুপের সভাপতি ও সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৈঠকে সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, জহরত আদিব চৌধুরী, মাহমুদা হাবীবা, মোহাম্মদ নাজিবুর রহমান, মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ এবং মো. আবুল হাসনাত অংশ নেন।

প্রথম বৈঠকের শুরুতে সদস্যদের মধ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। আলোচনায় দুই দেশের দীর্ঘমেয়াদি বন্ধুত্বের ভিত্তিকে আরও মজবুত করার পাশাপাশি বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক বাস্তবতায় চীনের ভূমিকা ও গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।

বৈঠকে দুই দেশের সংসদ সদস্যদের পারস্পরিক সফর বাড়ানোর মাধ্যমে সংসদীয় কূটনীতি আরও সক্রিয় করার প্রস্তাব উঠে আসে। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্য ভারসাম্য উন্নয়ন এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি করে অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করার বিষয়েও মতবিনিময় করা হয়।

অংশগ্রহণকারীরা মনে করেন, সংসদীয় পর্যায়ে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও কার্যকর ও বহুমাত্রিক করে তুলতে সহায়ক হবে। পাশাপাশি উন্নয়ন, অবকাঠামো, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ আরও সম্প্রসারিত হবে।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন