রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা, টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

রোববার (২৯ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি।

আইজিপি বলেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো ধরনের অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে হবে। এ লক্ষ্যে টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করতে হবে।

পুলিশ প্রধান বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, তদন্তের গুণগত মান উন্নয়নের মাধ্যমে থানায় দায়ের করা মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করতে হবে।

বডিওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডিওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেন। মামলা তদন্ত, বিশেষ করে অপমৃত্যুর মামলাগুলো দায়িত্বশীলতার সঙ্গে তদন্ত করারও নির্দেশনা দেন তিনি।

এ ছাড়া মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্ত করা এবং সেগুলো তামিলের হার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন অতিরিক্ত আইজি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন