রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ইনানীর গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের সাত কর্মী দগ্ধ-আহত

গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণের পর সেখানে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণে আগুনের কুণ্ডলী বের হলে বাপেক্সের সাত কর্মী দগ্ধ ও আহত হন।

কক্সবাজারের ইনানীতে নলকূপ থেকে উদগিরিত গ্যাসের আগুন নিয়ন্ত্রণের কাজের পর সার্ভে চালানোর সময় বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সাত কর্মী দগ্ধ ও আহত হয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালাম জানান, সম্প্রতি আগুন নিয়ন্ত্রণের পর সেখানে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বের হয়। এতে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনিসহ সাতজন দগ্ধ হন।

তিনজন হাসপাতালে, চারজন ছাড়পত্র পেয়েছেন

ঘটনার পর আহতদের হাসপাতালে নেওয়া হয়। চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি তিনজন এখনো কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এক মাস পর নিয়ন্ত্রণে আসে গ্যাসকূপের আগুন

এর আগে টানা এক মাসের চেষ্টায় ইনানীর ওই গ্যাসকূপের আগুন নেভানো হয়। পরে সেখানে সার্ভের কাজ শুরু করে বাপেক্সের বিশেষজ্ঞ দল।

গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোট খাল ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় গ্যাস উদগিরণ শুরু হয়। একপর্যায়ে উদগিরিত গ্যাসে আগুন ধরে যায়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন