রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে চূড়ান্ত হচ্ছে কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উপকূলীয় এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা করে টেকসই পর্যটনশিল্প বিকাশের পরিকল্পনা করছে সরকার। সেন্টমার্টিন ও সোনাদিয়াকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে রেখে সেখানে নতুন স্থাপনা নির্মাণ নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) অধীনে প্রণীত ‘ট্যুরিজম মাস্টারপ্ল্যান’ চূড়ান্ত করে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে।

রোববার সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলনকক্ষে ‘কক্সবাজারের পর্যটন খাতসহ কক্সবাজার জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা’ সংক্রান্ত উচ্চপর্যায়ের তৃতীয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, কক্সবাজারের সংসদ সদস্য, সিনিয়র সচিব, সচিব এবং সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপকূলজুড়ে টেকসই পর্যটনের পরিকল্পনা

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের কারিগরি সহায়তায় ট্যুরিজম মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ এগিয়ে চলছে।

কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, উখিয়া, রামু ও টেকনাফসহ সমগ্র উপকূলীয় এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা করে কীভাবে টেকসই পর্যটনশিল্পের বিকাশ ঘটানো যায়, তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

ইসিএ এলাকার সীমানা পুনর্নির্ধারণের উদ্যোগ

পরিবেশ সংরক্ষণের বিষয়ে মন্ত্রী বলেন, আগে যথাযথ জরিপ ছাড়াই কিছু এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল। পরিবেশ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় সংশোধন এনে এবং হাইকোর্টের রায়ের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে বিষয়টি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবেশ মন্ত্রণালয়ের বিদ্যমান তথ্য-উপাত্ত যাচাই করে আগামী কয়েক দিনের মধ্যে বিস্তারিত সারসংক্ষেপ জমা দেওয়া হবে। এর ভিত্তিতে এলাকাগুলোর সীমানা পুনর্নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, সমুদ্রতীর থেকে পৌর এলাকার মধ্যে ৩০০ মিটার এবং পৌর এলাকার বাইরে ৫০০ মিটার পর্যন্ত কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এমন পূর্ববর্তী প্রজ্ঞাপন বা গেজেট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ট্যুরিজম মাস্টারপ্ল্যানে সব বিষয় সমন্বিতভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মাস্টারপ্ল্যান অনুমোদনের পর সে অনুযায়ী সব উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।

সেন্টমার্টিন ও সোনাদিয়ায় নতুন স্থাপনা নিষিদ্ধ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ও সোনাদিয়াকে ইসিএ হিসেবে মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করে সেখানে নতুন করে কোনো ধরনের স্থাপনা বা অবকাঠামো নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

দ্বীপ দুটিতে পরিবেশের কোনো ক্ষতি না করে কেবল ইকো-ট্যুরিজম বা পরিবেশবান্ধব পার্ক গড়ে তোলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বিদ্যমান স্থাপনাগুলোর বিষয়ে মাস্টারপ্ল্যান চূড়ান্ত হওয়ার পর যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।

মিডার সঙ্গে সমন্বয়ে উন্নয়ন পরিকল্পনা

মহেশখালীতে চলমান মেগা প্রকল্পের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটির (মিডা) অধীনে সেখানে পাওয়ার হাব, টার্মিনালসহ বৃহৎ অর্থনৈতিক অবকাঠামো গড়ে উঠছে। এসব প্রকল্প দেশের অর্থনীতি ও বিনিয়োগের অন্যতম চালিকাশক্তি হবে।

উন্নয়নকাজে যেন কোনো ধরনের দ্বৈততা বা সমন্বয়হীনতা তৈরি না হয়, সে জন্য মিডার সঙ্গে নিবিড় সমন্বয় রেখেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হচ্ছে বলে জানান তিনি।

এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আরও বেশি পর্যটক কক্সবাজারে আকৃষ্ট হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

পদ্মা সেতু-সংলগ্ন জাজিরার নাওডোবা এলাকার সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয়দের মধ্যে আন্তঃকলহ বা অন্তর্দ্বন্দ্বের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজনের প্রাণহানি হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

তবে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে বলে জানান তিনি।

রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদারের বিষয়ে মন্ত্রী বলেন, এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলো সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

এ ছাড়া কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন