জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাঈদ খোকনের আরও পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এ নিয়ে একই মামলায় তৃতীয় দফায় তার রিমান্ড আবেদন করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ১২ নম্বর আদালতে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। বিচারক মোহাম্মদ রিপন হোসাইনের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সাঈদ খোকনের আইনজীবী মফিজুল ইসলাম আসলাম।
রিমান্ড আবেদনে যেসব কারণ উল্লেখ
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, আগের দফায় জিজ্ঞাসাবাদে মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত, অস্ত্র উদ্ধার এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
এ ছাড়া আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ, দলীয় নেতাকর্মীদের মাধ্যমে হামলা এবং অর্থ ও অস্ত্রের জোগান দেওয়ার অভিযোগের বিষয়েও তথ্য সংগ্রহের কথা রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।
আগেও দুই দফায় রিমান্ডে নেওয়া হয়
এর আগে গত ১৭ নভেম্বর একই মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওই দিন সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। প্রথম দফার রিমান্ড শেষে দ্বিতীয় দফায়ও তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
যেভাবে হত্যা করা হয় কিশোর মোতালিবকে
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীদের মিছিলে অংশ নেয় ১৪ বছর বয়সী কিশোর আবদুল মোতালিব। ওই দিন বিকেলে গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে সাঈদ খোকনের নাম রয়েছে ২৯ নম্বরে।
উল্লেখ্য, সাঈদ খোকন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের ছেলে। ২০১৫ সালে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

