রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

১৫ মিনিটে প্রথম লাগেজ, শেষটি ৪৭.৫ মিনিটে দেওয়ার বাধ্যবাধকতা

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের চুক্তি কাল

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। চুক্তি অনুযায়ী, উড়োজাহাজ অবতরণের পর ১৫ মিনিটের মধ্যে প্রথম লাগেজ এবং ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪২ দশমিক ৫ মিনিট ও ওয়াইড-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিটের মধ্যে শেষ লাগেজ যাত্রীদের কাছে পৌঁছে দিতে হবে।

নির্ধারিত সেবার মান বজায় রাখতে ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। ব্যর্থতার ধরন ও পুনরাবৃত্তির ওপর ভিত্তি করে এ জরিমানার পরিমাণ ৫ হাজার থেকে ৩৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে।

আগামীকাল (৩০ নভেম্বর) জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে এ চুক্তি সই করবে বেবিচক। রোববার (২৯ নভেম্বর) ঢাকায় বেবিচকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

সেবার মান বজায় রাখতে কঠোর শর্ত

চুক্তির আওতায় পরিচালনাকারী প্রতিষ্ঠানকে লাগেজ সরবরাহ, চেক-ইন সেবা, কার্গো হ্যান্ডলিং, পরিচ্ছন্নতা, আলোকসজ্জা, পার্কিং সুবিধা এবং লিফট ও এস্কেলেটরের কার্যকারিতাসহ বিভিন্ন ক্ষেত্রে নির্ধারিত ন্যূনতম সেবার মানদণ্ড ও কার্যদক্ষতার সূচক (কেপিআই) বজায় রাখতে হবে।

চেক-ইন কাউন্টারে যাত্রীদের গড় অপেক্ষার সময়ও নিয়ন্ত্রণ করা হবে। নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, বিজনেস শ্রেণির যাত্রীদের ক্ষেত্রে অপেক্ষার সময় গড়ে ৫ বা ১০ মিনিট এবং ইকোনমি শ্রেণির যাত্রীদের ক্ষেত্রে ২০ বা ৩০ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

এ ছাড়া লাগেজ হ্যান্ডলিং সিস্টেম, কমন-ইউজ টার্মিনাল ইকুইপমেন্ট, সেলফ-চেক-ইন সুবিধা এবং ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেমসহ বিমানবন্দরের গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলো প্রযোজ্য মানদণ্ড অনুযায়ী অন্তত ৯৫ বা ৯৮ শতাংশ সময় সচল রাখতে হবে।

১৫ দিনের মধ্যে টার্মিনাল হস্তান্তর

চুক্তি সইয়ের ১৫ দিনের মধ্যে তৃতীয় টার্মিনালটি পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। তবে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তির সময়কাল শুরু হবে সব নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট তৃতীয় টার্মিনালে স্থানান্তরের দিন থেকে।

হস্তান্তরের আট মাসের মধ্যে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে অন্তত ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে হবে। আর ১৪ মাসের মধ্যে সব নিয়মিত আন্তর্জাতিক যাত্রীবাহী ও কার্গো ফ্লাইট নতুন টার্মিনালে স্থানান্তরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ধাপে ধাপে কার্যক্রম সম্প্রসারণের আগে আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে বেবিচক।

পরিচালনার দায়িত্বে জাপানি কনসোর্টিয়াম

জাপানি কনসোর্টিয়াম নিজ খরচে তৃতীয় টার্মিনাল, বহুতল পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে।

তবে রানওয়ে পরিচালনা, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান চলাচলের নিরাপত্তা এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের নিয়ন্ত্রণ বেবিচকের হাতেই থাকবে। ইমিগ্রেশন, কাস্টমস ও অন্যান্য সরকারি সেবা সংশ্লিষ্ট সংস্থাগুলোর অধীনে পরিচালিত হবে।

রাজস্বের ১৩.৫ শতাংশ পাবে বেবিচক

রাজস্ব ভাগাভাগির চুক্তি অনুযায়ী, পরিচালনাকারী প্রতিষ্ঠান প্রতি মাসে যাত্রী ও কার্গো সেবা থেকে অর্জিত আয়ের ১৩ দশমিক ৫ শতাংশ বেবিচককে দেবে। টার্মিনালটি নির্ধারিত পূর্ণ সক্ষমতায় পৌঁছালে রাজস্ব ভাগাভাগির এ হার বেড়ে ২৭ শতাংশ হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন