রাজধানীর যানজট কমাতে ঢাকার প্রবেশমুখে তিনটি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের ৬ নম্বর সেক্টরে নির্মাণাধীন টার্মিনালটি চালু হলে দূরপাল্লার বাসের চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
রাজধানীর যানজট নিরসনে ঢাকার প্রবেশমুখ ও আশপাশে তিনটি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে কেরানীগঞ্জে নির্মাণাধীন ‘ঝিলমিল আন্তঃজেলা বাস টার্মিনাল’ আগামী ডিসেম্বর মাসেই উদ্বোধন করা হবে। বর্তমানে টার্মিনালটির নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঝিলমিল আবাসিক প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনকালে এ তথ্য জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম যৌথভাবে প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাজধানীর ভেতর থেকে দূরপাল্লার বাসের চাপ কমাতে ঢাকার প্রবেশমুখগুলোতে আধুনিক টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্পের ৬ নম্বর সেক্টরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ বাস টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। এটি চালু হলে রাজধানীতে দূরপাল্লার বাসের চাপে সৃষ্ট যানজট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
মেডিকেল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন
পরিদর্শনকালে সিনিয়র সচিব ও রাজউক চেয়ারম্যান প্রথমে প্রকল্পের ভেতরে সরকারি কর্মচারী মেডিকেল কলেজের জন্য বরাদ্দ করা ব্লকের ক্যাম্পাস এলাকা ঘুরে দেখেন। পরে তাঁরা নির্মাণাধীন বাস টার্মিনাল এবং প্রকল্পের ২ নম্বর সেক্টরে অবস্থিত ‘রাজউক ঝিলমিল স্কুল অ্যান্ড কলেজ’-এর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন।
রাজউক সূত্রে জানা গেছে, প্রকল্প এলাকার শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে প্রায় ২ দশমিক ৭৩ একর জমির ওপর ছয়তলাবিশিষ্ট ‘রাজউক ঝিলমিল স্কুল অ্যান্ড কলেজ’ নির্মাণ করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা ও অনুমোদন সাপেক্ষে ‘রাজউক উত্তরা মডেল কলেজ’-এর আদলে আগামী শিক্ষাবর্ষ থেকেই প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময়ে কাজ শেষ করার নির্দেশনা
পরিদর্শন শেষে সিনিয়র সচিব ও রাজউক চেয়ারম্যান চলমান কাজের অগ্রগতি ও গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ শতভাগ সম্পন্ন করতে তাঁরা সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান, রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) মো. শাহিনুর আলম, সদস্য (উন্নয়ন) মো. এরাদুল হক, প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) মো. আমিনুর রহমান, প্রকল্প পরিচালক মো. হাফিজুল ইসলাম, উপপ্রকল্প পরিচালক তানজিনা আফরিনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

