নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি বাড়ানো হয়েছে; বাহিনীর ভেতরেও সন্দেহভাজন সদস্যদের পর্যবেক্ষণ করছে পুলিশ।
ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে পুলিশ। সীমান্তবর্তী এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি বাড়ানোর পাশাপাশি বাহিনীর ভেতরে সন্দেহভাজন সদস্যদের কর্মকাণ্ডও পর্যবেক্ষণ করা হচ্ছে। এরই মধ্যে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তার ও আটকের মতো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা সাংবাদিকদের এ তথ্য জানান।
আইনি পদক্ষেপের মুখে পড়া কর্মকর্তারা হলেন—পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান, পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান।
নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঠেকাতে সতর্ক পুলিশ
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র বলেন, ডিসেম্বর মাসে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নিষিদ্ধ সংগঠনের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
পুলিশের অভ্যন্তরীণ নজরদারির বিষয়ে তিনি বলেন, বাহিনীর ভেতরে সন্দেহভাজন সদস্যদের কর্মকাণ্ডও পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার জাহাঙ্গীর আলম
পুলিশ সূত্রে জানা গেছে, চার কর্মকর্তার মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গত ১৪ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অন্যদিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে ২৪ নভেম্বর গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে পল্টন থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
ডিবির হাতে আটক আরও দুই কর্মকর্তা
এ ছাড়া বুধবার (২৫ নভেম্বর) আরও দুই কর্মকর্তাকে আটক করে ডিবি। তারা হলেন পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান।
২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত। তাকে গাজীপুর থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
অন্যদিকে ৩৩তম বিসিএসের কর্মকর্তা রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়। পরে একটি নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

