প্রাণিজ আমিষের ৬৫ শতাংশের জোগান দিচ্ছে দুধ, মাংস ও ডিম; খামারিদের সহায়তা বাড়ানোর আশ্বাস তারেক রহমানের
প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ করতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গ্রামীণ অর্থনীতিতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতিকে স্বনির্ভর করতেও প্রাণিসম্পদ খাত অবদান রাখছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রাণিজ আমিষ ও অর্থনীতিতে অবদান
তারেক রহমান বলেন, সরকার একটি আত্মনির্ভরশীল ও মেধাসম্পন্ন জাতি গঠনের চেষ্টা করছে। আর মেধাসম্পন্ন জাতি গঠনের অন্যতম পূর্বশর্ত প্রাণিজ আমিষ। বর্তমানে দেশের জনগণের প্রাণিজ আমিষ গ্রহণের ৬৫ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে নিশ্চিত হচ্ছে। প্রাণিজ আমিষ উৎপাদন কেবল খাদ্যনিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতার বিষয়ও জড়িত।
তিনি বলেন, চলতি অর্থবছরে স্থিরমূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ খাতে উৎপাদন প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি এ খাত ধীরে ধীরে রপ্তানিমুখী খাতেও রূপ নিচ্ছে।
ছয় মাসে আয় ১০৪ দশমিক ৬৬ লাখ ডলার
প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থবছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে ১০৪ দশমিক ৬৬ লাখ মার্কিন ডলার আয় হয়েছে।
তিনি বলেন, এ খাতের বিকাশে সরকার সব ধরনের নীতিগত ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রেখেছে। প্রাণিসম্পদ খাতের সাফল্যের জন্য দেশের খামারিদের, বিশেষ করে নারী খামারিদের শুভেচ্ছা জানান তিনি।
আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব বলে জানান প্রধানমন্ত্রী।
রপ্তানি সম্প্রসারণে উদ্যোগ
তারেক রহমান বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ প্রাণিসম্পদ খাতে আরও স্বনির্ভর হয়ে উঠবে। পাশাপাশি অর্জিত হবে মূল্যবান বৈদেশিক মুদ্রা।
এ লক্ষ্য সামনে রেখে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
খামারিদের সহায়তার আশ্বাস
খামারিদের প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের সহায়তা, উন্নত প্রশিক্ষণ, ঋণ এবং প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সরকার সব ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে।
প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান
প্রাণীদের নির্যাতন কিংবা কষ্ট দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, প্রায়ই দেখা যায়, অনেকেই অকারণে বিভিন্ন প্রাণীকে নির্যাতন ও কষ্ট দেন। অথচ এসব প্রাণীও আল্লাহর সৃষ্টি। মানুষের উপকার ও প্রয়োজনের কথা বিবেচনা করেই আল্লাহ পৃথিবীতে বিভিন্ন প্রাণী সৃষ্টি করেছেন। তাই কোনো প্রাণীর ক্ষতি করা বা তাদের কষ্ট দেওয়া উচিত নয়।
পরিবারের শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, আশপাশের কোনো প্রাণীর যত্ন নিতে না পারলেও অন্তত তাদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। সম্ভব হলে তাদের খাবার ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থায় সহযোগিতা করতে হবে।
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি মমত্ববোধ তৈরি করা গেলে একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সেখানে শুধু মানুষ নয়, প্রতিটি প্রাণীও নিরাপদ থাকবে এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থান নিশ্চিত হবে।
২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক প্রদান
অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ মোট ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ ও রৌপ্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

