বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ইসরাইলের হাতে ৯০ পারমাণবিক ওয়ারহেড, দাবি মার্কিন গবেষকদের

ডিমোনা পারমাণবিক স্থাপনায় নতুন নির্মাণকাজ, প্লুটোনিয়াম মজুত নিয়েও উদ্বেগ

প্রকাশ্যে স্বীকার না করলেও ইসরাইলের কাছে আনুমানিক ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে দাবি করেছেন মার্কিন গবেষকরা। একই সঙ্গে দেশটির পারমাণবিক অবকাঠামোয় বিনিয়োগ অব্যাহত থাকার ইঙ্গিত দিয়েছেন তারা। এদিকে পারমাণবিক অস্ত্রের মালিকানা নিয়ে ইসরাইলের নীরবতা ভাঙতে ওয়াশিংটনের রাজনৈতিক চাপও বাড়ছে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

ইসরাইলের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে গবেষণা

পারমাণবিক অস্ত্র আছে কি নেই—এ প্রশ্নের সরাসরি উত্তর কয়েক দশক ধরেই দেয়নি ইসরাইল। তবে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের (এফএএস) নতুন গবেষণায় বলা হয়েছে, দেশটির অস্ত্রভাণ্ডারে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে।

প্রকাশিত গবেষণায় ইসরাইলের পারমাণবিক অবকাঠামোয় বিনিয়োগ অব্যাহত থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশেষ নজর দেওয়া হয়েছে নেগেভ মরুভূমির ডিমোনা পারমাণবিক গবেষণা কেন্দ্রের ওপর। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে বড় ধরনের নির্মাণকাজের খবর পাওয়া গেলেও এর প্রকৃত উদ্দেশ্য এখনো নিশ্চিত নয়। স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানোর বিষয়ে সতর্ক করেছেন গবেষকরা।

যুক্তরাষ্ট্রভিত্তিক আরেক গবেষণা প্রতিষ্ঠান বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টসও একই ধরনের তথ্য দিয়েছে। গত ১০ নভেম্বর প্রকাশিত তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের হাতে আনুমানিক ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। পাঁচ বছর আগের এক হিসাবেও একই সংখ্যা উল্লেখ করা হয়েছিল।

আরও পারমাণবিক বোমা তৈরির সক্ষমতার দাবি

পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞদের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল এখনো প্লুটোনিয়াম মজুত করছে। দেশটির কাছে সর্বোচ্চ ১ হাজার কেজি প্লুটোনিয়াম থাকতে পারে।

বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, এই পরিমাণ প্লুটোনিয়াম দিয়ে তাত্ত্বিকভাবে আরও ১৬০ থেকে ২৫০টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তবে এ হিসাব নির্ভর করছে নির্দিষ্ট ধরনের পারমাণবিক ওয়ারহেডের নকশার ওপর।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় প্রজন্মের একপর্যায়ের ফিশন-ইমপ্লোশন ওয়ারহেডে বুস্টেড পিট হিসেবে প্রতিটিতে ৪ থেকে ৫ কেজি প্লুটোনিয়াম ব্যবহার করা হলে এই সক্ষমতা তৈরি হতে পারে।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) ২০২৬ সালের মূল্যায়নেও বিশ্বের নয়টি পারমাণবিক অস্ত্রধারী দেশের তালিকায় ইসরাইলের নাম রয়েছে।

পারমাণবিক নীরবতা ভাঙতে যুক্তরাষ্ট্রে চাপ

ইসরাইলের দীর্ঘদিনের পারমাণবিক নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের একটি অংশ। গত মে মাসে টেক্সাসের কংগ্রেসম্যান হোয়াকিন কাস্ত্রোর নেতৃত্বে ৩০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি দেন।

চিঠিতে তারা বলেন, মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্য বুঝতে ইসরাইলের পারমাণবিক সক্ষমতা সম্পর্কে আরও স্বচ্ছতা প্রয়োজন। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের পর বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

নিক্সন-মেইর সমঝোতার ইতিহাস

ওয়াশিংটন ও তেল আবিবের পারমাণবিক নীরবতার ইতিহাসও দীর্ঘদিনের। ধারণা করা হয়, ১৯৬৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও ইসরাইলের প্রধানমন্ত্রী গোল্ডা মেইরের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা হয়েছিল।

প্রকাশিত মার্কিন নথি অনুযায়ী, ইসরাইল প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রের মালিকানা স্বীকার না করলে যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে প্রকাশ্যে চাপ সৃষ্টি করা থেকে বিরত থেকেছে।

ইসরাইলের আনুষ্ঠানিক অবস্থান হলো, মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রবর্তনকারী প্রথম দেশ হবে না তারা। দেশটি এখনো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) যোগ দেয়নি।

সব মিলিয়ে ইসরাইলের পারমাণবিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি তেল আবিব।

তথ্যসূত্র: জেরুজালেম পোস্ট, দ্য টাইমস অব ইসরাইল


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন