সম্পদের গুণগত মান যাচাই, তারল্য সহায়তা ও পরিচালনা পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ
ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন ও জনআস্থা পুনঃপ্রতিষ্ঠায় আগামী চার বছরে পর্যায়ক্রমে সমন্বিত সংস্কার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ কার্যক্রমের আওতায় সমস্যাগ্রস্ত ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই, জরুরি তারল্য সহায়তা, পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং ব্যাংকভিত্তিক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকিং খাত নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন নেতিবাচক প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্যের পরিপ্রেক্ষিতে জনসাধারণকে আশ্বস্ত করতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকিং খাতের বিদ্যমান দুর্বলতা চিহ্নিত করে তা পর্যায়ক্রমে দূর করা এবং স্বচ্ছ, জবাবদিহিমূলক ও স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলাই সংস্কার কার্যক্রমের মূল লক্ষ্য। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা ও আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
সম্পদের গুণগত মান যাচাই
সংস্কার কার্যক্রমের প্রথম ধাপে ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ এবং সম্পদের গুণগত মান যাচাইয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, এর মাধ্যমে দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা ও সম্পদের গুণগত অবনতির প্রকৃত চিত্র উঠে এসেছে। একিউআরের কারণে খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা সাম্প্রতিক দুই বছরের কার্যক্রমের প্রতিফলন নয়; বরং দীর্ঘ সময় ধরে জমে থাকা অনিয়ম ও দুর্বলতার প্রকৃত চিত্র।
কেন্দ্রীয় ব্যাংকের আশা, চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে ডিসেম্বর ২০২৬-এর মধ্যে খেলাপি ঋণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে।
জরুরি তারল্য সহায়তা ও পরিচালনা পর্ষদ পুনর্গঠন
সংস্কারের দ্বিতীয় ধাপে সাময়িক তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তারল্য সহায়তা ও গ্যারান্টি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি এসব ব্যাংকে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর অংশ হিসেবে কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও উপযুক্ত পরিচালক নিয়োগ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, অনিয়মের পুনরাবৃত্তি রোধ এবং আমানতকারীদের আস্থা বাড়ানোই এসব পদক্ষেপের উদ্দেশ্য।
ব্যাংক পুনরুদ্ধার ও কাঠামোগত সংস্কার
তৃতীয় ধাপে ব্যাংকভিত্তিক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এসব পরিকল্পনায় প্রয়োজনীয় পুনঃমূলধনীকরণ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
আগামী চার বছরে পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী করা, ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে একই ধরনের সংকট প্রতিরোধের সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।
দীর্ঘমেয়াদি সক্ষমতা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা
দীর্ঘমেয়াদি সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ, ঋণ বিতরণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আর্থিক খাতের নীতিগত ও কাঠামোগত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি সহায়তা ব্যবস্থাগুলো পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনাও রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আশা, আগামী চার বছরে এসব সংস্কার পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে দেশের ব্যাংকিং ও আর্থিক খাত আরও স্থিতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। এতে আর্থিক খাতের প্রতি জনআস্থা বাড়ার পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাংকিং খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংকিং খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবভিত্তিক সংস্কার, কার্যকর তদারকি, সুশাসন এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতা প্রয়োজন। এ প্রক্রিয়ায় আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করাই বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ অগ্রাধিকার।
এদিকে, কোনো ধরনের গুজব বা অসমর্থিত তথ্যে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক ঘোষণা ও তথ্যসূত্র অনুসরণের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

