সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সংস্কার, বিচার ও সার্বভৌমত্বে কোনো আপস নয়: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন, গঙ্গা চুক্তি ও ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় কঠোর অবস্থানের আহ্বান এনসিপির

দেশের সংস্কার, বিচার ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাইয়ের ঐক্য ধরে রাখতে হলে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। দেশের সামগ্রিক পরিস্থিতি ও সমসাময়িক রাজনৈতিক সংকট নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলটির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসেন।

নির্বাচনের পর পরিস্থিতির অবনতি হয়েছে: নাহিদ

নাহিদ ইসলাম বলেন, বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও সমসাময়িক রাজনীতির সংকট নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার প্রশ্নে আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার কারণে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে।

জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান

এনসিপির আহ্বায়ক বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি গণভোটের গণরায়ের বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এ কারণে তারা ওই কমিটি বাতিলের আহ্বান জানিয়েছেন। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের কথাও বলেছেন।

তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে না পারলে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে না পারলে জনগণের আস্থা অর্জন সম্ভব হবে না। দেশে অর্থনৈতিক বিনিয়োগও আসবে না। এ জন্য সংস্কার অত্যন্ত জরুরি।

গঙ্গা চুক্তিতে কঠোর অবস্থানের আহ্বান

গঙ্গা চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, নতুন চুক্তির বিষয়ে ভারতের কাছে বাংলাদেশের অবস্থান কঠোরভাবে তুলে ধরতে হবে। পানির ন্যায্য হিস্যা আদায়ের প্রশ্নে সরকার যেন কোনো ধরনের আপস না করে, সে বিষয়ে বৈঠকে আলোচনা করেছেন তারা।

ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় ঐক্যের ডাক

ভারতীয় আধিপত্যবাদ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তাদের লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়; ৫ আগস্ট আওয়ামী লীগকে পরাজিত করা হয়েছে। এখন লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।

তিনি অভিযোগ করেন, ভারত আওয়ামী লীগ ও তাদের এ দেশীয় সহযোগীদের ব্যবহার করে সীমান্তের ওপার ও ভেতর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরে যথাযথ উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন বলে জানান নাহিদ ইসলাম।

জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও পুনর্বাসনের দাবি

বৈঠকে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেছেন বলে জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন