সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শফিকুর রহমানের

প্রবাসীদের শুধু আর্থিক রেমিট্যান্স নয়, মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনও দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় জামায়াতে ইসলামী। বিশ্বের বিভিন্ন দেশে থাকা মেধাবী বাংলাদেশিদের দেশে ফিরে কাজ করার উপযোগী পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৈষম্যহীন, মানবিক, ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ দেশ-বিদেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তিনি বলেছেন, শুধু আর্থিক রেমিট্যান্স নয়, প্রবাসীদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনকেও দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় জামায়াতে ইসলামী।

রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: ভয়সেস ফ্রম অস্ট্রেলিয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে ডা. শফিকুর রহমানকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা জানানো হয়।

মেধাভিত্তিক অবদানে গুরুত্ব

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা শুধু আর্থিক রেমিট্যান্স নয়, প্রবাসীদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই। আমরা ইন্টেলেকচুয়াল রেমিট্যান্সের (মেধাভিত্তিক অবদান) পক্ষে কথা বলতে এসেছি।’

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মেধাবী বাংলাদেশিরা যেন তাঁদের জন্মভূমিতে ফিরে এসে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে চান জানিয়ে তিনি বলেন, ‘আল্লাহ আমাদের সুযোগ দিলে তাঁদের সঙ্গে অতিথির মতো নয়, ভাই, সন্তান ও পিতার মতো আচরণ করবো।’

জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের অবদানের স্বীকৃতি

বিরোধীদলীয় নেতা বলেন, জুলাই অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অবদান কখনো ভোলার নয়। দেশের গণমাধ্যম যখন মানুষের কষ্টের কথা যথাযথভাবে তুলে ধরেনি, তখন প্রবাসে থাকা ভাই-বোনেরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নির্যাতন ও নিপীড়নের চিত্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন।

বিভিন্ন দেশে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও তাঁরা দেশের মানুষের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমেছেন। এ কারণে অনেকে গ্রেপ্তার হয়েছেন, জেল খেটেছেন এবং শাস্তির মুখোমুখি হয়েছেন। এখনো ৫৪ জন প্রবাসী কারাগারে রয়েছেন, যা অত্যন্ত কষ্টের ও লজ্জার বলে মন্তব্য করেন তিনি।

প্রবাসীদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশে ফিরলে বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

যাঁদের রেমিট্যান্স যোদ্ধা বলা হয়, তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে অতীতেও সোচ্চার থাকার কথা উল্লেখ করে বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনেও তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলে প্রতিবাদ জানানো হবে।

জুলাই যোদ্ধারাই পরিবর্তনের শক্তি

জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে বিরোধীদলীয় নেতা বলেন, জুলাইয়ের যোদ্ধারা এখনো জীবিত আছেন। তাঁদের অনেকের হাত-পা নেই, কেউ চোখ হারিয়েছেন; কিন্তু মনোবল হারাননি।

তিনি বলেন, আহত যোদ্ধাদের কাছে তিনি জানতে চেয়েছেন, জাতির প্রয়োজনে তাঁরা আবারও লড়াই করতে পারবেন কি না। জবাবে তাঁরা বলেছেন, একটি পা হারিয়েছেন, অন্য পা তো আছে; ক্রাচে ভর করেও দেশের জন্য লড়াই করবেন। যাঁদের চোখ নেই, তাঁরাও অন্যের হাত ধরে দেশের প্রয়োজনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন।

১০ মাসের শিশুকে কোলে নিয়ে রাজপথে নামা এক মায়ের কথাও তুলে ধরেন তিনি। ওই মা বলেছিলেন, বাংলাদেশের রাজপথে যত শিশু নেমে এসেছে, সবাইকে নিজের সন্তান মনে করেই তিনি আন্দোলনে এসেছেন। এসব মা ও যোদ্ধাকে দেশের শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জাতির প্রয়োজনে তাঁরা আবারও জেগে উঠবেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা। জুলাইয়ের স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। এ আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না।

তিনি বলেন, ১০ মাসের শিশুকে কোলে নিয়ে রাজপথে আসা মা, পানি বিতরণ করতে গিয়ে শহীদ হওয়া মুগ্ধ, বুক পেতে গুলি গ্রহণ করা আবু সাঈদসহ অসংখ্য ছাত্র-জনতা এই অভ্যুত্থানের প্রকৃত নায়ক। শহীদরা কোনো নির্দিষ্ট দলের সম্পদ নন, তাঁরা গোটা জাতির সম্পদ।

গণভোটের রায় ও রাষ্ট্র সংস্কারের দাবি

জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদেও কথা বলেছেন তাঁরা।

তিনি বলেন, জনগণের রায়কে উপেক্ষা করে বাংলাদেশে রাজনীতি চলতে পারে না। জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। এ বিষয়ে তাঁদের অবস্থান স্পষ্ট। কোনো চাপ বা প্রলোভনে তাঁরা আদর্শ ও অঙ্গীকার থেকে সরে আসবেন না।

তরুণদের হাতে বাংলাদেশ তুলে দিতে চান

তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, তাঁরা বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দিতে চান। বাংলাদেশের নামের উড়োজাহাজের ককপিটে তরুণরা বসবে, আর তাঁরা বসবেন যাত্রীর আসনে। তাঁরা তরুণদের সহযোগিতা করবেন।

তিনি বলেন, তাঁদের এবারের প্রার্থী তালিকার ৬২ শতাংশের বয়স ৪৫ বছরের নিচে। তাঁরা বিশ্বাস করেন, তরুণদের নেতৃত্বেই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে। একই সঙ্গে দেশের উন্নয়নে নারী-পুরুষ সবার সমানভাবে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। জুলাই আন্দোলনে নারীদের সাহসী ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সরকারের ভালো কাজে সমর্থন, ভুলে প্রতিবাদ

সরকার ও বিরোধী দলের সম্পর্ক প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় স্বার্থে যেখানে সরকারের ভালো কাজের সমর্থন দেওয়া প্রয়োজন, সেখানে তাঁরা সমর্থন দেবেন। আর যেখানে ভুল হবে, সেখানে প্রতিবাদ করবেন। বিরোধী দলের দায়িত্ব জনগণের অধিকার ও স্বার্থের পক্ষে কথা বলা।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায়কে সম্মান করতে হবে, যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে দেশ পরিচালনা করতে হবে এবং দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। দেশের বর্তমান সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, কোনো দল বা ব্যক্তি তাঁদের শত্রু নয়। কোনো দল বা ব্যক্তি দেশের বিরুদ্ধে অপকর্ম করলে সেই অপকর্মই তাঁদের প্রতিপক্ষ। তাঁরা একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ চান। বাংলাদেশ একদিন বদলাবে এবং সেই পরিবর্তনের সারথি হবে এ দেশের জনগণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য দেন পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক ও গবেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির নির্বাহী পরিচালক শিবলী সোহাইল। এ ছাড়া সঞ্চালনায় ছিলেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু ইউসুফ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন