প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়াবে এবং মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসা হবে প্রধান পরিচয়। কড়াইলের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে মানবিকতা, সহমর্মিতা ও মানুষের প্রতি মানুষের ভালোবাসাই প্রধান পরিচয় হবে বলে মন্তব্য করেছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
রোববার রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে পড়া পরিবারগুলোর মধ্যে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর গঠিত সরকার এমন একটি বাংলাদেশ চান, যেখানে মানবিকতা ও মানুষের জন্য মানুষ—এই চেতনাই প্রধান হবে। আজ আপনাদের বিপদে আমরা পাশে আছি। ভবিষ্যতেও যেকোনো বিপদে আপনাদের পাশে থাকব, ইনশা আল্লাহ।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সাতটি ঘরের চাবি হস্তান্তর করেন ডা. জুবাইদা রহমান।
শাহরিয়ারের মৃত্যুতে শোক প্রকাশ
অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান।
তিনি বলেন, শাহরিয়ারের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় তাঁকে হারাতে হয়েছে। তিনি শাহরিয়ারের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের নাম উল্লেখ করে তাঁদের প্রতি সমবেদনা জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে শাহরিয়ারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাইকে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান ডা. জুবাইদা রহমান।
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর উদ্যোগ
গত ১৫ নভেম্বর ভোরে রাজধানীর কড়াইলে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়। এ সময় আগুনে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে যায়। বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ধারাবাহিকতায় রোববার আনুষ্ঠানিকভাবে গৃহহীন বাসিন্দাদের হাতে নতুন করে ঘরে ফেরার চাবি তুলে দেন ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতারা।

