আগারগাঁওয়ে সাত দিনব্যাপী এ মেলায় প্রদর্শিত ও বিক্রি হবে দেশীয় পণ্য। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তাদের মালিকানাধীন বা তাঁদের ব্যবস্থাপনায় পরিচালিত।
ঢাকায় আজ রোববার (২২ নভেম্বর) শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন প্রান্তের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান স্থানীয়ভাবে তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রি করবে।
মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করবেন।
শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের (সিএমএসএমই) গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রায় ৬০ শতাংশের মালিকানা বা ব্যবস্থাপনায় রয়েছেন নারীরা। এটি দেশের ক্ষুদ্র ব্যবসা খাতে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের প্রতিফলন।
অর্থনীতি ও কর্মসংস্থানে এসএমই খাতের অবদান
শিল্পমন্ত্রী জানান, দেশে প্রায় ১ কোটি ১৭ লাখ সিএমএসএমই প্রতিষ্ঠান রয়েছে, যা মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ। এ খাতে প্রায় ৩ কোটি ৬০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে, যা মোট শিল্প-শ্রমশক্তির প্রায় ৮৫ শতাংশ। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।
তিনি আরও জানান, সিএমএসএমই উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে ব্যবসা পরিচালনা করেন। এ খাতের উদ্যোক্তাদের প্রায় ৬৫ শতাংশই নারী।
দেশীয় পণ্যই মেলার প্রধান আকর্ষণ
এবারের মেলায় জুতা, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, ভেষজ পণ্য, জুয়েলারি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শিত হবে।
সরকারের অগ্রাধিকারমূলক উদ্যোগ ‘এক গ্রাম, এক পণ্য’ কর্মসূচির আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোও মেলায় পণ্য প্রদর্শন ও বিক্রি করবে।
শিল্পমন্ত্রী জানান, কেবল দেশীয় উৎপাদনকারী এবং ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি সেবা খাতের উদ্যোক্তারাই মেলায় অংশ নিতে পারবেন। বিদেশি ও আমদানিকৃত পণ্য প্রদর্শন এবং বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীদের প্রবেশে কোনো টিকিট লাগবে না।
অর্থায়ন ও বাজার সম্প্রসারণে বিশেষ আয়োজন
মেলা চলাকালে তিনটি সেমিনার ও একটি সংলাপ অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, সহজ শর্তে অর্থায়ন, জলবায়ু-সহনশীল ঋণ ও বিমাব্যবস্থা এবং এসএমই পণ্যের বাজার সুরক্ষা ও সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে।
এ ছাড়া সাতটি মূল বিভাগ ও একটি বিশেষ বিভাগে মোট ৯ জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
পুরুষ ও নারী—উভয় ক্যাটাগরিতে সেরা মাঝারি, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোক্তাদের পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি সেরা স্টার্টআপ, পরিবেশবান্ধব এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোগ ও বিশেষ উদ্যোক্তা ক্যাটাগরিতেও পুরস্কার দেওয়া হবে।
আগের ১২ মেলায় বিক্রি ৭২ কোটি টাকার পণ্য
পূর্ববর্তী আয়োজনগুলোর সাফল্য তুলে ধরে শিল্পমন্ত্রী বলেন, এ পর্যন্ত অনুষ্ঠিত ১২টি জাতীয় এসএমই পণ্য মেলায় প্রায় ৪ হাজার উদ্যোক্তা অংশ নিয়েছেন। এসব মেলায় প্রায় ৭২ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে।
এ ছাড়া মেলাগুলোর মাধ্যমে ব্যবসায়ীরা প্রায় ১০৯ কোটি টাকার ক্রয়াদেশ পেয়েছেন। প্রদর্শনীর বাইরেও ক্রেতাদের সঙ্গে ক্ষুদ্র উৎপাদনকারীদের সংযোগ তৈরিতে এসব মেলা ভূমিকা রেখেছে।
এর বাইরে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ৯৪টি আঞ্চলিক ও বিভাগীয় মেলায় প্রায় ৫ হাজার ১০০ উদ্যোক্তা অংশ নিয়েছেন। ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ পর্যন্ত প্রায় ২৫ লাখ উদ্যোক্তাকে সহায়তা দিয়েছে, যাঁদের ৬০ শতাংশই নারী।
প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি ৭২ জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাঁদের মধ্যে ৩৭ জন নারী, ৩৩ জন পুরুষ ও দুজন ট্রান্সজেন্ডার উদ্যোক্তা রয়েছেন।
শিল্পমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। এর সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতি-কৌশল প্রণয়ন করা হয়। এর ধারাবাহিকতায় ২০০৬ সালে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শিল্পসচিব আবদুন নাসের খান, এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা, উদ্যোক্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

