সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩

১৫টি ডিম্বাকৃতির বস্তুতে অভিনব কৌশলে লুকানো ছিল ২৪ ক্যারেটের প্রায় ৬৪৩ ভরি স্বর্ণ। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৭ কেজি (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং মো. শাওন (৩৯)।

যেভাবে উদ্ধার হলো স্বর্ণের পেস্ট

এপিবিএনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় এপিবিএন সদস্যরা তাদের আটক করেন।

পরবর্তী সময়ে এয়ারপোর্ট এপিবিএন কার্যালয়ে আটক ব্যক্তিদের একজনের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর বস্তুগুলো স্বর্ণের পেস্ট বলে শনাক্ত হয়।

উদ্ধার করা স্বর্ণের পেস্টের বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং মোট ওজন প্রায় সাড়ে ৭ কেজি বা ৬৪৩ ভরি। এর আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা। চোরাচালানের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য অভিনব কৌশলে শরীরের সঙ্গে স্বর্ণগুলো লুকিয়ে রাখা হয়েছিল।

সৌদি আরব থেকে স্বর্ণ আনার অভিযোগ

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এক নম্বর আটক ব্যক্তি সৌদি আরবে নিয়মিত যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ বাংলাদেশে এনে দুই ও তিন নম্বর আটক ব্যক্তিসহ দেশে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করে আসছিলেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। তারা একটি সংঘবদ্ধ স্বর্ণ চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজশে অবৈধভাবে স্বর্ণ এনে নিজ হেফাজতে রাখার মাধ্যমে তারা সরকারকে রাজস্ব ফাঁকি দিয়েছেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় অপরাধের অভিযোগ আনা হচ্ছে।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ বলেন, এয়ারপোর্ট আর্মড পুলিশ যেকোনো ধরনের অপরাধ ও চোরাচালান চক্রের বিরুদ্ধে বরাবরই সক্রিয় ও কঠোর অবস্থান নিয়ে কাজ করছে।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে গোয়েন্দা সূত্রে একটি চক্রের পেস্ট আকারে স্বর্ণ চোরাচালানের চেষ্টার তথ্য পাওয়া যাচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ কেজি বা ৬৪৩ ভরি স্বর্ণ উদ্ধার এবং চোরাচালান চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

মো. বশির আহমেদ আরও বলেন, এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে বিস্তারিত তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন