দেশের জ্বালানি সংকট নিরসন এবং গ্রামীণ জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ে তোলার ঘোষণা দিয়েছে সরকার। এ উদ্যোগের আওতায় পরিবারগুলো নিজেদের জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রি করেও আয় করতে পারবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
শনিবার (২১ নভেম্বর) সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
আমিনুল হক বলেন, দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং চলমান বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় তৃণমূল পর্যায়ে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
চার বছরের কর্মপরিকল্পনা ও জবাবদিহিতা
প্রতিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আগামী চার বছরের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি মাসে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে কাজের অগ্রগতি-সংক্রান্ত প্রতিবেদন সংগ্রহ করা হবে। কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।
সারা দেশের যুবসমাজ ও যুব সংগঠকদের একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করতে দ্রুততম সময়ের মধ্যে ‘যুব কাউন্সিল’ গঠন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতি চার মাস পরপর এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেন।
গ্রামে গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্ল্যান্টকে কার্যকর সমাধান হিসেবে উল্লেখ করে আমিনুল হক প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় এ ধরনের প্ল্যান্ট স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, যুব উন্নয়ন কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে দেশের প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ে তোলা হবে। এর মাধ্যমে পরিবারগুলো নিজেদের জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে।
এ উদ্যোগ সফল করতে যুবকদের মধ্যে ঋণ বিতরণ প্রক্রিয়া আরও সহজ করা হবে। প্রয়োজনে ঋণের পরিমাণও বাড়ানো হবে বলে জানান প্রতিমন্ত্রী।
প্রশিক্ষণে নতুন ট্রেড যুক্ত করার উদ্যোগ
সভায় আরও বেশি সংখ্যক বেকার যুবককে প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করা, তৃণমূল পর্যায়ের যুব সংগঠকদের সক্রিয় করা এবং বর্তমান সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ মডিউলে নতুন নতুন ট্রেড যুক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান।

