সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে জেএসএসের সশস্ত্র সদস্যদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের মাচালংয়ের ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর টহল দলের সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার সকালে শুরু হওয়া এ গোলাগুলি দুপুর সাড়ে ১২টা পর্যন্ত থেমে থেমে চলে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ ঘটনা ঘটে বলে জানান সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন।

তিনি বলেন, মাচালংয়ের ১৪ কিলোমিটার নামক এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করছিল। এ সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

পরে সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি হয়। তবে ঘটনার পর প্রায় এক ঘণ্টা ধরে আর কোনো গুলির শব্দ শোনা যায়নি।

ওসি তোফাজ্জল হোসেন জানান, গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, বিভিন্ন দাবিতে গণকমিটির ডাকা অবরোধ কর্মসূচি এলাকায় চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন