অন্তত ২৫টি দেশে ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ স্ট্রাইক’, সামরিক ব্যয় কমানোরও দাবি
শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করা এবং বাধ্যতামূলক সামরিক সেবা বন্ধসহ নানা দাবিতে ইউরোপজুড়ে শুক্রবার (২০ নভেম্বর) বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আয়োজকদের দাবি, অন্তত ২৫টি দেশে ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ স্ট্রাইক’ কর্মসূচি পালিত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের সাম্প্রতিক তীব্র আন্দোলনে অনুপ্রাণিত হয়ে এ বিক্ষোভের ডাক দেওয়া হয়। তবে এবারের কর্মসূচির তীব্রতা তুলনামূলক কম ছিল। যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়াসহ অন্তত ২৫টি দেশে শিক্ষার্থীরা এতে অংশ নেন।
জার্মানির ৭৩ শহরে বিক্ষোভ
জার্মানিতে ‘জেন-জি রেগেল্ট’ নামের একটি সংগঠন দেশটির ৭৩টি শহর ও নগরে বিক্ষোভের আয়োজন করে। জার্মান ভাষায় সংগঠনটির নামের অর্থ ‘জেন-জি দায়িত্ব নিচ্ছে’।
কোলন শহরের এক বিক্ষোভে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী ইয়াসমিন হামাদি বলেন, বিশ্ববিদ্যালয়, স্কুল ও সামগ্রিক শিক্ষাব্যবস্থায় ব্যয় সংকোচন করা হচ্ছে। এতে তিনি অসন্তুষ্ট। পরিবর্তনের দাবিতে অবস্থান নিতেই তিনি বিক্ষোভে যোগ দিয়েছেন।
ইতালিতে বড় সমাবেশ
শান্তিপূর্ণ পদযাত্রাগুলোতে উপস্থিতি তুলনামূলক সীমিত ছিল। বেশির ভাগ স্থানে কয়েক শ থেকে কয়েক হাজার মানুষ অংশ নেন। তবে ইতালিতে বিক্ষোভের পরিধি ছিল বড়। সেখানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অর্থনৈতিক নীতির প্রতিবাদ জানানোর পাশাপাশি মজুরি বৃদ্ধি ও জনসেবা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি তোলা হয়।
ইতালির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন সিজিআইএলের নেতা মাউরিজিও ল্যান্ডিনি বলেন, দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শুধু ইতালিতে নয়, পুরো ইউরোপেই তরুণেরা রাস্তায় নেমেছেন। ইউরোপজুড়ে সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের দাবি ক্রমেই জোরালো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে ফ্রান্সে আরও বড় পরিসরে বিক্ষোভ হয়েছিল। সে সময় পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষ ও লুটপাটের ঘটনাও ঘটে। অন্যদিকে সার্বিয়ায় শিক্ষার্থীদের আন্দোলনের পর ভোটাভুটিতে দীর্ঘদিনের নেতা আলেকসান্দার ভুচিচ ক্ষমতা হারান। আলবেনিয়াতেও অস্থিরতা দেখা গেছে।
শিক্ষা, জলবায়ু ও জীবনযাত্রার ব্যয় নিয়ে ক্ষোভ
আগের বিক্ষোভগুলোর মতো এবারও শিক্ষার্থীদের দাবির পরিধি ছিল বিস্তৃত। স্কুলের তহবিল ও অবকাঠামো উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ, সামরিক খাতে ব্যয় কমানো এবং জীবনযাত্রার উচ্চ ব্যয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।
শুক্রবারের কর্মসূচিতে অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়। বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে সামরিক ব্যয় কমানোর দাবিও তুলে ধরা হয়।
জার্মানির রাজধানী বার্লিনের আলেকজান্ডারপ্লাৎস চত্বরে আয়োজিত বিক্ষোভে প্রায় চার হাজার মানুষ অংশ নেন। পুলিশ জানিয়েছে, কোলনের বিক্ষোভে পাঁচ হাজার মানুষের সমাগম হবে বলে ধারণা করা হয়েছিল। শেষ পর্যন্ত উপস্থিতি এর চেয়ে কম হলেও কয়েক হাজার মানুষ অংশ নেন।
ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তরুণেরা
প্যারিসের একটি বিক্ষোভে অংশ নেওয়া ২৫ বছর বয়সী মার্কিন শিক্ষার্থী ইভলিন বলেন, জেন-জি প্রজন্মের অনেকেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। জীবনযাত্রার ব্যয়, আসন্ন জলবায়ু সংকট এবং জলবায়ু পরিবর্তনের কারণে বিপুলসংখ্যক মানুষের সম্ভাব্য মৃত্যুর আশঙ্কা তাঁদের উদ্বিগ্ন করছে।
তিনি বলেন, বর্তমানে যারা সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁদের হাতেই সব সিদ্ধান্ত ছেড়ে দিলে তরুণদের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে।
প্যারিস থেকে ইংলিশ চ্যানেলের ওপারে লন্ডনের পার্লামেন্ট স্কয়ারেও কয়েক শ বিক্ষোভকারী জড়ো হন। সেখানে এক বিক্ষোভকারীর হাতে থাকা কার্ডবোর্ডে লেখা ছিল, ‘আমি ক্লাস ফাঁকি দিইনি, বেঁচে থাকার তাগিদে কাজ করছিলাম।’

