আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে প্রাপ্তিস্বীকার বার্তা পাঠানোর নির্দেশ; কাগজপত্রের ঘাটতি থাকলে প্রয়োজনীয় মৌলিক নথির কথা জানাতে বললেন নাসির উদ্দিন
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবাকে সম্পূর্ণ দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ বিষয়ে কর্মকর্তাদের পরামর্শ চেয়ে তিনি বলেছেন, এনআইডি কেন্দ্রিক দুর্নীতি বন্ধ করে এমন একটি পরিবেশ তৈরি করতে চান, যেখানে নাগরিকদের হয়রানির শিকার হতে হবে না।
বুধবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, ‘এনআইডি কেন্দ্রিক যে দুর্নীতি হয়, এখান থেকে আমি মুক্তি চাই। এনআইডি কেন্দ্রিক দুর্নীতি হচ্ছে না, এমন একটা পরিবেশ চাই। কীভাবে আমরা এটা নিশ্চিত করতে পারি, সে বিষয়ে আপনারা পরামর্শ দেবেন।’
আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে বার্তা পাঠানোর নির্দেশ
সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমাতে এনআইডি সংক্রান্ত যেকোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে প্রাপ্তিস্বীকার বার্তা পাঠানোর নির্দেশনা দেন সিইসি।
তিনি বলেন, যেকোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে বার্তা দিয়ে জানাতে হবে যে তাঁর আবেদন পাওয়া গেছে এবং তা প্রক্রিয়াধীন রয়েছে। কোনো কাগজের ঘাটতি থাকলে একগাদা কাগজপত্রের তালিকা না দিয়ে শুধু প্রয়োজনীয় মৌলিক কাগজটির কথা জানাতে হবে।
এনআইডি সেবা নিয়ে হয়রানির অভিযোগে বিব্রত সিইসি
এনআইডি সেবায় নাগরিকদের হয়রানির অভিযোগে বিব্রতবোধের কথা জানিয়ে সিইসি বলেন, প্রতিদিন ডাক সই করার সময় তাঁর কাছে অন্তত ছয়টি এনআইডি সংক্রান্ত আবেদন থাকে। এসব আবেদনে কেউ ছয় মাস, কেউ ১০ মাস, আবার কেউ এক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন।
তিনি বলেন, ‘আমি চাই না পত্র-পত্রিকায় আর এই শব্দটা ব্যবহৃত হোক।’
দোষারোপ নয়, সেবা নিশ্চিত করতে হবে
সেবা দেওয়ার ক্ষেত্রে একে অপরকে দোষারোপের প্রবণতা পরিহারের আহ্বান জানান সিইসি। তিনি বলেন, ‘যখনই আমি আমাদের লোকজনকে জিজ্ঞেস করি, তখন এটা এক ধরনের ব্লেম গেম হয়ে যায়। এসএসসি সার্টিফিকেট ঠিক নাই, ওপেন ইউনিভার্সিটির সার্টিফিকেট ঠিক নাই বা জন্মসনদ ঠিক নাই। ব্লেম গেম করে তো আমরা মানুষকে সেবা দিতে পারব না। আমাদের এমন একটা জায়গায় আসতে হবে, যেখান থেকে আর ব্লেম গেম চলবে না। মানুষকে সেবা দিতে হবে এবং সেটাই হচ্ছে আমাদের মূলনীতি।’
জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব
সব মানুষ শিক্ষিত ও ডিজিটাল জ্ঞানসম্পন্ন—এমনটি ধরে নেওয়া ভুল হবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, গ্রামের অনেক বয়স্ক মানুষের এনআইডি না থাকলে তাঁরা বয়স্ক ভাতা বা ফ্যামিলি কার্ড পান না। তাই সাধারণ মানুষের সচেতনতার মাত্রা বিবেচনায় নিয়েই সমাধান খুঁজতে হবে।
সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে কীভাবে আবেদন করতে হবে, সে বিষয়ে জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। এ প্রচারণা কীভাবে চালানো যায়, তা ভেবে দেখতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান সিইসি।
কর্মশালায় উপস্থিত ছিলেন যাঁরা
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশাসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকেরা কর্মশালায় অংশ নেন।

