১১ দেশের ক্রেতা ও সোর্সিং প্রতিনিধিদের অংশগ্রহণ; ১২ খাতের ১৬১ প্রতিষ্ঠান ২৪০ স্টলে প্রদর্শন করেছে পণ্য ও উৎপাদন সক্ষমতা
তৈরি পোশাক খাতের বাইরে বাংলাদেশের বহুমুখী রপ্তানি সক্ষমতার প্রতি আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহের বার্তা দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী গ্লোবাল সোর্সিং এক্সপো। এতে ১১টি দেশের আন্তর্জাতিক ক্রেতা ও সোর্সিং প্রতিনিধিদের অংশগ্রহণে নতুন ব্যবসায়িক যোগাযোগ ও সম্ভাব্য রপ্তানি অংশীদারত্বের সুযোগ তৈরি হয়েছে।
এক্সপোতে ১২টি রপ্তানি খাতের ১৬১টি প্রতিষ্ঠান ২৪০টি স্টলে নিজেদের পণ্য ও উৎপাদন সক্ষমতা তুলে ধরে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১৫ থেকে ১৭ নভেম্বর এ আন্তর্জাতিক সোর্সিং এক্সপো অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।
রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব
সমাপনী বক্তব্যে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, বাংলাদেশের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি পণ্যের বৈচিত্র্য ক্রমাগত বাড়ছে। এ অগ্রযাত্রা টেকসই করতে পণ্যের মান উন্নয়ন, রপ্তানি বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আন্তর্জাতিক মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প নেই। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহের প্রতিফলন
ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ বলেন, এবারের এক্সপোতে বাংলাদেশের বহুমুখী উৎপাদন ও রপ্তানি সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা সম্ভব হয়েছে।
যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চল থেকে আন্তর্জাতিক ক্রেতা ও সোর্সিং প্রতিনিধিদের অংশগ্রহণ বাংলাদেশের প্রতি বৈশ্বিক ক্রেতাদের আগ্রহ ও আস্থার প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।
১২ খাতের পণ্যের প্রদর্শনী
এবারের এক্সপোতে অ্যাপারেলস ও টেক্সটাইলস, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোমডেকর, ফার্মাসিউটিক্যালস, আইসিটি, পেপার ও প্যাকেজিং, অটোমোবাইল ও বাইসাইকেল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিকস ও টেবিলওয়্যার খাতের প্রতিষ্ঠান অংশ নেয়।
তিন দিনের আয়োজনে পণ্য প্রদর্শনের পাশাপাশি চারটি বিশেষ সেমিনার, বিটুবি মিটিং, ফ্যাক্টরি ভিজিট, নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শোর আয়োজন করা হয়।
অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, এক্সপোর মাধ্যমে বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরির সুযোগ হয়েছে। তাঁরা এ ধরনের আন্তর্জাতিক আয়োজন নিয়মিত চালু রাখার ওপর গুরুত্ব দেন।
এ ছাড়া অংশগ্রহণকারী ১২টি খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে পণ্য উপস্থাপন, সৃজনশীলতা ও স্টল সাজানোর মান বিবেচনায় নির্বাচিত সেরা প্রতিষ্ঠানগুলোকে সেরা স্টল পুরস্কার দেওয়া হয়।

