ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় ভোর ৬টা থেকে বন্ধ ছিল পারাপার; দুই ঘাটে নোঙর করে রাখা হয় ৯টি ফেরি, মাঝনদীতে আটকা পড়ে একটি
ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে এই নৌপথে ফেরি চলাচল আবার শুরু হয়।
বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত ডিজিএম মোহাম্মদ সালাম হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, কুয়াশার কারণে ভোর ৫টা থেকে নদীপথে মার্কিং বাতি দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে দৃষ্টিসীমা বাড়লে সকাল ৮টায় আবার ফেরি চলাচল শুরু হয়।
দুই ঘাটে নোঙর করে ৯টি ফেরি
ফেরি চলাচল বন্ধ থাকাকালে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে মোট ৯টি ফেরি নোঙর করে রাখা হয়। এর মধ্যে পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে খান জাহান আলী ও বাইগার, ৪ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং ৫ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরি অবস্থান করছিল।
অন্যদিকে, দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে পায়রা ও বিএস ডা. গোলাম মাওলা, ৪ নম্বর ঘাটে হাসনাহেনা এবং ৭ নম্বর ঘাটে ধলেশ্বরী ও কেরামত আলী ফেরি নোঙর করে রাখা হয়। এ ছাড়া বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি মাঝনদীতে অবস্থান করছিল।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার এজিএম মো. সালাহউদ্দিন বলেন, ভোর পৌনে ৬টা থেকে ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়।
এ সময় নদী পারাপারের অপেক্ষায় থাকা কিছু যানবাহন দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর আটকে থাকা যানবাহনগুলো দ্রুত পারাপারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

