গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্তের ২০০ গজ ভেতরে বিজিবির হাতে আটক; হস্তান্তরে পতাকা বৈঠকের প্রস্তুতি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ অভ্যন্তরে অনুপ্রবেশের পর তাকে আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন বিছনাকান্দি বিওপির একটি টহল দল তাকে আটক করে। পরে ওই বিএসএফ সদস্যকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গে অস্ত্রও ছিল।
হস্তান্তরে পতাকা বৈঠকের প্রস্তুতি
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ। তিনি জানান, আটক বিএসএফ সদস্যকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। তাকে হস্তান্তরের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। বৈঠকের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে অস্ত্রসহ বিএসএফ সদস্যের অনুপ্রবেশ ও আটকের ঘটনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।
বাংলাদেশি পর্যটককে মারধরের অভিযোগ
এদিকে, বিছনাকান্দিতে এক বাংলাদেশি পর্যটককে মারধরের অভিযোগ উঠেছে ওই বিএসএফ সদস্যদের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে বিজিবির অধিনায়ক বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে এখনো নিশ্চিত হতে পারেননি।

