সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ইকুয়েডরে মার্কিন সামরিক ঘাঁটি নেই, দাবি প্রেসিডেন্ট নোবোয়ার

তাউরা ঘাঁটিতে মার্কিন সেনা ও সামরিক উড়োজাহাজের উপস্থিতি নিয়ে বিতর্ক

ইকুয়েডরে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি নেই বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। রোববার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে মার্কিন সামরিক সদস্যরা ইকুয়েডরের একটি ঘাঁটিতে কেবল অস্থায়ীভাবে কার্যক্রম পরিচালনা করছেন।

এর আগে বার্তা সংস্থা এএফপির এক অনুসন্ধানী প্রতিবেদনে দেশটির তাউরা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজের অস্বাভাবিক উপস্থিতি, কয়েক ডজন তাঁবু স্থাপন এবং অবকাঠামোগত উন্নয়নকাজের তথ্য উঠে আসে।

তাউরা ঘাঁটিতে মার্কিন সামরিক উপস্থিতি

গত অক্টোবর মাসে প্রকাশিত এএফপির ওই প্রতিবেদনে বলা হয়, ইকুয়েডরের বন্দরনগরী গুয়ায়াকিলের কাছে অবস্থিত তাউরা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজের উপস্থিতি দেখা গেছে। সেখানে কয়েক ডজন তাঁবু স্থাপন এবং অবকাঠামোগত উন্নয়নকাজেরও প্রমাণ পাওয়া গেছে।

ইকুয়েডরের জনগণ গণভোটে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করার এক বছরেরও কম সময়ের মধ্যে এ সম্প্রসারণের ঘটনা ঘটেছে। তাউরা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের মধ্যেও এ নিয়ে উদ্বেগ রয়েছে।

‘এটি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি নয়’

রোববার গণমাধ্যম প্রতিষ্ঠান ‘আলতাভোজ’কে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট নোবোয়া বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যরা সেখানে অস্থায়ী কার্যক্রম পরিচালনা করছেন।

তিনি বলেন, ‘কখনো নির্দিষ্ট কোনো মিশন থাকে, কখনো থাকে বিশেষ কোনো অভিযান। আমরা একসঙ্গে কাজ করি। এটি যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি নয়, এটি ইকুয়েডরের সামরিক ঘাঁটি।’

তবে সাক্ষাৎকারে তাউরা ঘাঁটিতে মার্কিন সামরিক উড়োজাহাজের উপস্থিতি নিয়ে কোনো ব্যাখ্যা দেননি নোবোয়া। একই সঙ্গে ঘাঁটিটি পরিদর্শনের জন্য সাংবাদিকের অনুরোধও এড়িয়ে যান তিনি।

এএফপির অনুসন্ধানে ২০টি মার্কিন সামরিক ফ্লাইটের তথ্য

এএফপির অনুসন্ধানে গত জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত তাউরা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি সামরিক ফ্লাইটের তথ্য পাওয়া যায়। এ ছাড়া সেখানে মার্কিন সেনাদের উপস্থিতি-সংক্রান্ত বিভিন্ন নথিও সংগ্রহ করে সংবাদমাধ্যমটি।

এএফপি সেপ্টেম্বরের একটি চিঠিও হাতে পেয়েছে। ওই চিঠিতে ইকুয়েডরের তৎকালীন বিমানবাহিনীর প্রধান জেনারেল মাউরিসিও সালাজার সশস্ত্র বাহিনীর কাছে তাউরা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বৈধতা সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলেন। পরবর্তী সময়ে সালাজারকে তাঁর পদ থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দায়িত্বে বদলি করা হয়।

মাদকবিরোধী অভিযানে সহযোগিতা

মাদক পাচারবিরোধী আঞ্চলিক লড়াইয়ে কুইটো ও ওয়াশিংটন তাদের সহযোগিতা আরও জোরদার করছে। তবে ইকুয়েডরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির প্রকৃত পরিধি এখনো পুরোপুরি স্পষ্ট নয়।

প্রেসিডেন্ট নোবোয়া দাবি করেন, তাউরা ঘাঁটিতে অবস্থান করা মার্কিন সামরিক সদস্যরা কেবল নির্দিষ্ট কিছু অভিযানে অংশ নিয়েছেন। এর মধ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ড্রোন পরিচালনার কাজও ছিল।

এএফপির অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন, ইউএস সাউদার্ন কমান্ড এবং ইকুয়েডরের বিমানবাহিনী এ বিষয়ে সংবাদমাধ্যমটির পাঠানো প্রশ্নের কোনো জবাব দেয়নি।

মার্কিন সামরিক ফ্লাইটের সূত্র

তাউরা ঘাঁটিতে আসা কয়েকটি মার্কিন সামরিক ফ্লাইটের সঙ্গে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের মেরিন কোর এয়ার স্টেশন চেরি পয়েন্ট এবং ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ডোভার বিমানঘাঁটির সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এসব ফ্লাইটের কয়েকটি পুয়ের্তো রিকো ও পানামায় যাত্রাবিরতিও করেছিল।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন