সৌদি আরবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাল্টাপাল্টি দাবি; ইয়েমেনে সংঘাতে বাস্তুচ্যুত ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ
সৌদি আরবের রাজধানী রিয়াদ অভিমুখে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। একই সঙ্গে দেশটির পূর্বাঞ্চলে দুটি ড্রোনও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে জোট। অন্যদিকে, ইয়েমেনের আল-জাউফ অঞ্চলে সৌদি আরবের একটি সশস্ত্র নজরদারি বিমান ভূপাতিত করার দাবি করেছে হুতিরা।
রোববার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে।
এর আগে পৃথক এক পোস্টে তিনি জানান, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির পূর্বাঞ্চলে দুটি ড্রোন ধ্বংস করেছে।
সৌদি বিমান ভূপাতিত করার দাবি হুতিদের
অন্যদিকে, আল-জাউফের আকাশে সৌদি আরবের একটি সশস্ত্র নজরদারি বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।
গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, আল-জাউফের আকাশসীমায় ‘শত্রুতামূলক কার্যক্রম’ পরিচালনার সময় সৌদি আরবের একটি সশস্ত্র নজরদারি বিমান ভূপাতিত করা হয়েছে।
এক্সে দেওয়া পোস্টে সারি দাবি করেন, সংঘাত শুরুর পর থেকে এ নিয়ে পঞ্চমবারের মতো বিমান ভূপাতিত করল হুতিরা।
পাল্টাপাল্টি হামলার দাবি
ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে পাল্টাপাল্টি হামলা ও সংঘাত অব্যাহত রয়েছে। হুতি বিদ্রোহীদের দাবি, গত এক দিনে সাদা, তাইজ, লাহিজ ও আল-জাওফে সৌদি নেতৃত্বাধীন জোট ৭২টি বিমান হামলা চালিয়েছে।
গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, গ্রীষ্মে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর থেকে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২০টিতে।
অন্যদিকে, গত কয়েক ঘণ্টায় হুতিদের লক্ষ্য করে ৭২৩টি অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। এসব অভিযানের মধ্যে রয়েছে ৩৭টি বিমান হামলা, ৫৬টি ড্রোন আক্রমণ, ৮৯টি রকেট হামলা এবং ৫৪১টি গোলাবর্ষণ।
সরকারি বাহিনীর দাবি, এসব অভিযানে তিন শতাধিক হুতি যোদ্ধা ও নেতা নিহত বা আহত হয়েছেন। এ ছাড়া ১১৭টি যানবাহন ও সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তাইজ, মারিব ও আল-জাওফসহ বিভিন্ন রণাঙ্গনে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
সংঘাতে বাস্তুচ্যুত ৩ লাখ ৪০ হাজারের বেশি
জুলাই থেকে সংঘাত তীব্র হওয়ার পর ইয়েমেনে মানবিক সংকট আরও গভীর হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাব অনুযায়ী, আগস্ট থেকে সামরিক উত্তেজনার কারণে দেশটিতে ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

