বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ইরানের সঙ্গে আপাতত যুদ্ধে ফিরতে চান না ট্রাম্প

যুদ্ধের বদলে নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে তেহরানের ওপর চাপ বজায় রাখতে চায় ওয়াশিংটন

ইরানের সঙ্গে আপাতত নতুন করে যুদ্ধে জড়াতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক চাপ অব্যাহত রেখে তেহরানকে চাপে রাখতে চায় তাঁর প্রশাসন। শুক্রবার (১৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মধ্যবর্তী নির্বাচনের পর থেকে ট্রাম্পকে প্রতিদিন একাধিকবার গোয়েন্দা তথ্যের ব্রিফিং দেওয়া হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘এটা এখন বেশ স্পষ্ট যে ট্রাম্প আপাতত আর যুদ্ধে ফিরতে চান না।’

যুদ্ধ নয়, আলোচনা নয়—চাপ বজায় রাখার কৌশল

প্রতিবেদনে বলা হয়, সংঘাতের অষ্টম মাসে এসে ইরান পরিস্থিতিতে একটি মধ্যপন্থা অবলম্বন করেছে ওয়াশিংটন। অর্থাৎ নতুন করে যুদ্ধ নয়, আলোচনা নয়, আবার স্থায়ী শান্তিও নয়। বরং অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে ইরানের ওপর চাপ বজায় রাখতে চায় যুক্তরাষ্ট্র।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আর সমঝোতা বা চুক্তির প্রয়োজন নেই। তেহরানের সঙ্গে আলোচনার চেষ্টা বাদ দিয়ে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

ইরানের সঙ্গে সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন ভ্যান্স। তবে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থান থেকে কিছুটা সরে আসেন তিনি।

ভ্যান্সের বৈঠকের উদ্যোগ, রুবিওর অবস্থান

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে সমাধানের পথ খুঁজতে দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির সঙ্গে সরাসরি বৈঠকের কথাও বিবেচনা করছিলেন ভ্যান্স। গত অক্টোবর মাসে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান রেজায়িকে চিঠি পাঠিয়ে বৈঠকের অনুরোধ জানিয়েছিলেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা বর্তমান পরিস্থিতিই বজায় রাখছি।’

তবে এই পরিস্থিতিকে কূটনৈতিক অচলাবস্থা হিসেবে দেখতে নারাজ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার (১০ নভেম্বর) প্যারিসে জি-৭ সম্মেলনের ফাঁকে তিনি বলেন, ইরানি শাসনব্যবস্থার ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানের চাপ ও ধ্বংসাত্মক প্রভাব এতটাই কার্যকর হচ্ছে যে প্রেসিডেন্টের বড় ধরনের সামরিক অভিযান চালানোর আর প্রয়োজন নেই।

তবে ইরান যুক্তরাষ্ট্রের নির্ধারিত ‘রেড লাইন’ অতিক্রম করলে মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ারি দেন রুবিও। এ ধরনের পদক্ষেপের জন্য তেহরানকে ‘ভয়াবহ মূল্য’ দিতে হবে বলে সতর্ক করেন তিনি।

তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা নিয়েও হতাশা প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, আলোচনার বিষয়ে ইরান এখনো বাস্তবসম্মত মনোভাব দেখাচ্ছে না। ইরানের দাবিগুলোকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে রুবিও বলেন, দেশটি চুক্তি করতে চাইলেও যেসব শর্ত দিচ্ছে, সেগুলো গ্রহণযোগ্য নয়। তবে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

হরমুজ প্রণালি নিয়ে মতবিরোধে ভেস্তে যায় সমঝোতা

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় ইরান।

গত জুনে চূড়ান্ত শান্তিচুক্তির পথ তৈরি করতে একটি সমঝোতা স্মারক সই হয়। তবে হরমুজ প্রণালিতে নৌ চলাচলসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে শেষ পর্যন্ত সেই উদ্যোগ ভেস্তে যায়।

হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রকে প্রথমে তেহরানের ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নিতে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে এবং জব্দ করা সম্পদ ছাড়তে বলেছে ইরান। পাশাপাশি যুদ্ধের ক্ষতিপূরণ, মধ্যপ্রাচ্যের সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ এবং ওই অঞ্চল থেকে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর দাবিও জানিয়েছে দেশটি।

এ ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পাশাপাশি হরমুজ প্রণালিতে নতুন নৌপথের স্বীকৃতিও চায় তেহরান।

‘বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে’

যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের দাবি ও শর্ত স্পষ্টভাবে তুলে ধরেছে ইরান। এখন ওয়াশিংটনকেই পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

বুধবার (১১ নভেম্বর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে আমাদের দাবিসংবলিত স্পষ্ট ও স্বচ্ছ জবাব দিয়েছি। বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। তাদের সিদ্ধান্ত নিয়ে তা ঘোষণা করতে হবে।’

যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলে তেহরানের অগ্রাধিকার হবে শান্তি প্রতিষ্ঠা—এমন মন্তব্যও করেন তিনি। কয়েক মাস ধরে চলা যুদ্ধ অব্যাহত রাখতে চায় না ইরান বলেও জানান গালিবাফ।

তবে ট্রাম্প আবার সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিলে ওয়াশিংটনকে পরাজয়ের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্র কিংবা ইসরাইল নতুন করে যুদ্ধ শুরু করলে উভয়ের বিরুদ্ধেই লড়বে ইরান এবং যেকোনো হামলার জবাব দেওয়া হবে।

সম্ভাব্য নতুন সংঘাতের প্রস্তুতি হিসেবে ইরান নিজেদের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করেছে এবং সশস্ত্র বাহিনী পুনর্গঠন করেছে বলেও জানান গালিবাফ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন