বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতের ধারণা, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস প্রশাসনের
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে সাহেবাবাদ ইউনিয়নের এ বাজারে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই আগুনে ১০ থেকে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
তেল, গ্যাস সিলিন্ডার ও ওষুধের দোকান ক্ষতিগ্রস্ত
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে তেল, গ্যাস সিলিন্ডার, ওষুধ ও মুদি পণ্যের দোকান রয়েছে। এ ছাড়া একটি স্টুডিওসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।
দোকানের মালামালসহ সবকিছু পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে প্রশাসন
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করা হয়েছে। সকাল ৭টা পর্যন্ত আগুন জ্বলছিল। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নি ইসলাম সময় সংবাদকে বলেন, অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন কাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

