শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মোদির বিরুদ্ধে ফোনে নজরদারির অভিযোগ, বিতর্কের চ্যালেঞ্জ রাহুলের

প্রধানমন্ত্রী জানেন, কারণ তিনি আমার ফোনে আড়ি পাতেন’; অভিযোগের পক্ষে প্রযুক্তিগত প্রমাণ দেননি কংগ্রেস নেতা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সব প্রমাণ তার ফোনেই রয়েছে। একই সঙ্গে বিভিন্ন ইস্যুতে মোদির সঙ্গে সরাসরি প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) অনলাইনে এক প্রশ্নোত্তর পর্বে নিজের ফোন হাতে তুলে ধরে রাহুল গান্ধী এসব কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফোনে নজরদারির অভিযোগ

শুক্রবার ইনস্টাগ্রামে ‘আস্ক মি’ শীর্ষক এক ইন্টারঅ্যাকটিভ পর্বে সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন রাহুল গান্ধী। এ সময় তিনি বলেন, ‘প্রমাণ এই ফোনেই রয়েছে। প্রধানমন্ত্রী জানেন, কারণ তিনি আমার ফোনে আড়ি পাতেন।’

তবে ফোনে আড়িপাতার অভিযোগের পক্ষে ওই প্রশ্নোত্তর পর্বে কোনো যাচাইযোগ্য প্রযুক্তিগত প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

এর আগেও রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে তার এবং আরও অনেক রাজনীতিকের ফোনে নজরদারি চালানো হয়েছে। কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে এসব ফোনে আড়িপাতা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

২০২৩ সালে রাহুল গান্ধী বলেছিলেন, ‘আমার ফোনেও পেগাসাস ছিল। অনেক রাজনীতিকের ফোনেই পেগাসাস রয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা আমাকে ফোন করে বলেছেন, ফোনে কী বলছেন, সে বিষয়ে সতর্ক থাকতে। কারণ আমরা এসব রেকর্ড করছি।’

তবে রাহুল গান্ধীর এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে নরেন্দ্র মোদির সরকার।

মোদির সঙ্গে বিতর্কের চ্যালেঞ্জ

প্রশ্নোত্তর পর্বে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একান্ত সরাসরি বিতর্ক হলেই কে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে এবং কে দেশবিরোধী—সেই প্রশ্নের চূড়ান্ত মীমাংসা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার কাছে ‘প্রমাণ’ রয়েছে বলেও দাবি করেন তিনি।

গত ১২ দিনে এ নিয়ে সপ্তমবারের মতো প্রকাশ্যে প্রধানমন্ত্রী মোদিকে বিতর্কে বসার চ্যালেঞ্জ জানালেন কংগ্রেস নেতা। নির্বাচনি প্রক্রিয়া, বিদেশি প্রভাব ও জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনার দাবি জানিয়ে আসছেন তিনি।

বিজেপির পাল্টা বক্তব্য

রাহুল গান্ধীর বিতর্কের চ্যালেঞ্জ বারবার প্রত্যাখ্যান করেছেন বিজেপি নেতারা। তাদের অভিযোগ, সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ে অর্থবহ বিতর্ক এড়িয়ে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা।

এর আগে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রশ্ন তুলেছিলেন, আলোচনার জন্য সংসদ থাকা সত্ত্বেও কেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে বিতর্কের স্থান নির্ধারণ করতে বলছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন