ডক্টর লাইব্রেরি থেকে পালানোর সময় আনসার সদস্যদের হাতে ধরা দুই যুবক; পরে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) বা পিজি হাসপাতালে চিকিৎসকদের ডক্টর লাইব্রেরি থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের ‘এ’ ব্লকের ডক্টর লাইব্রেরিতে এ ঘটনা ঘটে। দায়িত্বরত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় তাঁদের আটক করা হয়।
চুরির সময় চিকিৎসকের নজরে পড়ে
আটক দুজন হলেন মোশারফ (৩২) ও অনিক (২৫)। অভিযোগ অনুযায়ী, তাঁরা ডক্টর লাইব্রেরি থেকে চিকিৎসকদের মূল্যবান মোবাইল ফোন ও ল্যাপটপ চুরি করে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় এক চিকিৎসকের নজরে পড়লে তাঁরা দ্রুত সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন।
আনসার সদস্যদের তৎপরতায় আটক
পরিস্থিতি বুঝতে পেরে সেখানে দায়িত্ব পালনরত আনসার সদস্য মো. রায়হান ও মো. সজিবুর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুজনকে হাতেনাতে আটক করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাঁদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। পিজি হাসপাতালের এ ঘটনাকে দায়িত্ব পালনে তাঁদের তৎপরতা ও পেশাদারিত্বের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে বাহিনী।

