শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

জাপানে উচ্চশিক্ষা ও চাকরির লক্ষ্যে আনসার-ভিডিপির ভাষা প্রশিক্ষণ

দালাল ও মধ্যস্বত্বভোগীদের নির্ভরতা কমিয়ে নিরাপদ বিদেশযাত্রার উদ্যোগ; জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে জাপানিজ ভাষা প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী বাছাই সম্পন্ন

বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা ও দালালচক্রের দৌরাত্ম্য কমিয়ে সদস্যদের জন্য নিরাপদ ও প্রাতিষ্ঠানিক বিদেশযাত্রার সুযোগ তৈরি করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। নিজস্ব রিক্রুটিং এজেন্সি ‘প্রান্তিক শক্তি লিমিটেড’-এর মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা এবং প্রয়োজনীয় ভাষাগত ও কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করছে বাহিনী। এর লক্ষ্য সদস্যদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, প্রতারণার ঝুঁকি কমানো এবং আন্তর্জাতিক শ্রমবাজারে মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ।

নিজস্ব রিক্রুটিং এজেন্সির যাত্রা

সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী বাহিনীর নিজস্ব রিক্রুটিং এজেন্সি ‘প্রান্তিক শক্তি লিমিটেড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এজেন্সিটির মাধ্যমে বাহিনীর সদস্যদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এতে দালাল ও মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমিয়ে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় বিদেশযাত্রার সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রতারণার ঝুঁকি কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

জাপানিজ ভাষা প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী বাছাই

এই উদ্যোগের ধারাবাহিকতায় জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ (এন-৫) কার্যক্রমের প্রশিক্ষণার্থী বাছাই সম্পন্ন হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে একযোগে এ বাছাই অনুষ্ঠিত হয়। আগামী ১৫ নভেম্বর ২০২৬ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত ৯০ দিন মেয়াদি এ প্রশিক্ষণ পরিচালিত হবে। এ কার্যক্রমে তিনটি পৃথক উদ্যোগের আওতায় প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়েছে।

প্রথম উদ্যোগে Okayama University of Science (OUS)-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ গ্রহণের লক্ষ্যে আনসার-ভিডিপির পুরুষ ও নারী সদস্যদের নির্বাচন করা হয়েছে। তাঁরা আনসার-ভিডিপি একাডেমি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

দ্বিতীয় উদ্যোগে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল ও কারিগরি শিক্ষা (TVET) প্রোগ্রামের মাধ্যমে জাপানে অভিবাসনের লক্ষ্যে পুরুষ ও নারী সদস্যদের নির্বাচন করা হয়েছে। তাঁদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে আনসার-ভিডিপি একাডেমি, ভিটিসি কলাকোপা (নবাবগঞ্জ, ঢাকা), ভিটিসি গাজীপুর এবং কুমিল্লা, মৌলভীবাজার, সিরাজগঞ্জ ও যশোর জেলা প্রশিক্ষণ কেন্দ্রে।

তৃতীয় উদ্যোগে জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে আনসার-ভিডিপির নারী সদস্যদের দ্বিতীয় ধাপের প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়েছে। তাঁদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে ঠাকুরগাঁও ও ফেনী প্রশিক্ষণ কেন্দ্রে।

যেভাবে সম্পন্ন হয়েছে বাছাই প্রক্রিয়া

গত ৮ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আনসার-ভিডিপি ম্যানেজমেন্ট সিস্টেম (AVMIS) অ্যাপের TRGMS-এর মাধ্যমে নিবন্ধন সম্পন্নকারী যোগ্য প্রার্থীরা এ বাছাইয়ে অংশ নেন। বাহিনীর সদর দপ্তর গঠিত বাছাই কমিটি নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে পুরো প্রক্রিয়া পরিচালনা করে।

বাছাইয়ে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক ও স্বাস্থ্যগত সক্ষমতা যাচাই করা হয়। এ সময় উচ্চতা, ওজন, দৃষ্টিশক্তি ও শারীরিক ত্রুটিও পরীক্ষা করা হয়। পরবর্তী সময়ে গুগল লিংকের মাধ্যমে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

দক্ষতা উন্নয়ন, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সমন্বয়ে আনসার-ভিডিপির এ উদ্যোগ সদস্যদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। এর মাধ্যমে সদস্যদের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে বলে প্রত্যাশা করছে বাহিনী।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন